২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ফজলে রাব্বি ওরফে বাবুকে অপহরণের একদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 06:27 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

গাজীপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র ফজলে রাব্বি ওরফে বাবুকে অপহরণের একদিন পর উদ্ধার করেছে পুলিশ। বাবু (১৬) সদর উপজেলার পশ্চিম ভুরুলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। শনিবার রাতে গাজীপুর সদরের বিএডিসি সড়কের ছোটবাড়ি এলাকার রংপুর বস্তি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরণের অভিযোগে গাজীপুর সদরের দেশি পাড়া এলাকার রোবেন ওরফে রবিন (১৮) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমপুর গ্রামের রেজাউল (৪৫) নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়। রেজাউল থাকে রংপুর বস্তিতে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন জানান, শুক্রবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় বাবু। পরে অজ্ঞাত এক মোবাইল ফোন থেকে অপহরণকারীরা বাবুর বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় বাবুকে হত্যার হুমকি দেয় তারা। এ ব্যাপারে বাবুর বাবা শুক্রবার রাতে জয়দেবপুর থানায় মামলা করেন। পুলিশ মোবাইল ফোনের সূত্র অনুসন্ধান করে শনিবার সন্ধ্যা ৭টায় রংপুর বস্তিতে অভিযান চালায়। পুলিশ কর্মকর্তা আরো জানান, কিছুদিন আগে রবিন ও বাবুর সঙ্গে বন্ধুত্ব হয়। বাবুদের বাড়িতে রবিন কয়েকবার আসা-যাওয়া করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.