শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজিচালিত অটোরিকশার সর্বনিম্ন ভাড়া এখন কত- জানতে চাইলে মতিঝিল এলাকার এক যাত্রী আব্দুর রহিম বলেন, "তা তো ঠিক জানি না। তবে সিএনজিতে উঠে বসলেই ১০০ টাকা দিতে হয়।"
একই ধরনের কথা বললেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক সালাম মিয়া।
"১০০ টাকার নিচে ক্ষ্যাপে যাই না, পোষায় না", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এর আগের দিন যোগাযোগ মন্ত্রণালয়ে এক সভা শেষে জানানো হয়, আগামী ১ জানুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ছে। তখন সর্বনিম্ন ভাড়া হবে ২৫ টাকা।
তবে জানুয়ারি থেকে নতুন নিয়মে ভাড়া আদায়ের যে ঘোষণা দেওয়া হয়েছে তা কোনো কাজে আসবে না বলে আশঙ্কা করছেন চালক-যাত্রী উভয়পক্ষ।
চালকরা বলছেন, যানজট নিরসন, মালিকদের অতিরিক্ত জমা আদায়ের মনোভাব পরিবর্তন, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার এবং রাজধানীতে সিএনজি অটোরিকশার সংখ্যা বাড়ানো না হলে কোনো লাভই হবে না।
সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সর্বশেষ পুনর্নির্ধারণ করা হয়েছিলো ২০০৮ সালের ২৭ এপ্রিল। সে সময় সর্বনিু ভাড়া নির্ধারিত হয়েছিলো ১৮ টাকা।
তবে বেরিশভাগ যাত্রীই ব্যাপারটি জানেন না। চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর তা দিয়েও এক রকম অভ্যস্ত হয়ে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ও ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়।
এতে আগামী ১ জানুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটারের জন্য ২৫ টাকা করা হয়েছে। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৬ টাকার স্থলে করা হয়েছে ৭ টাকা। বিরতিকালের জন্য প্রতি মিনিট ১ টাকার পরিবর্তে ১ টাকা ২৫ পয়সা করা হয়েছে। সিএনজি অটোরিকশা মালিকের দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা।
চালকদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে গাড়ির মিটার প্রতিস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ ভাড়া কার্যকর করার ক্ষেত্রে মিটার পুনঃস্থাপন এবং মালিক, চালক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা হবে। এজন্য অন্তত দুই মাস সময় লাগতে পারে বলে বৃহস্পতিবার বৈঠক শেষে জানানো হয়।
বলা হচ্ছে, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর চুক্তির শর্ত লঙ্ঘন করলে অথবা যাত্রী হয়রানি বা বেশি ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে চালকদের গাড়ি চালনার সনদ (ড্রাইভিং লাইসেন্স) ও মালিকদের গাড়ির নিবন্ধন বাতিল করা হবে।
নতুন এ নিয়ম বাস্তবায়নে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হতে পারে বলেও জানিয়েছেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান।
তবে এসব সিদ্ধান্ত তেমন কাজে আসবে না বলে মনে করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। আর যাত্রী সাধারণের আশঙ্কা, আগেও যেমন ভাড়া বাড়ানোর পর যাত্রীদের কোনো লাভ হয়নি; আগামীতেও হবে না।
শুক্রবার দুপুরে পল্টন মোড়ে কথা হয় সিএনজিচালিত অটোরিকশার একজন চালক আব্বাস মুন্সীর সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন কোনো মালিকই ৪৫০ টাকায় গাড়ি ভাড়া দেন না। তাকে প্রতিদিন তার মালিককে জমা দিতে হচ্ছে ৮৫০ টাকা।
বেশি ভাড়া নেওয়ার পেছনে আর কি কি কারণ আছে জানতে চাইলে আব্বাস মুন্সী বলেন, "দিনে ১০ ঘণ্টার বেশি গাড়ি চালানো কোনো চালকের পক্ষেই সম্ভব নয়। সিএনজি বাবদ খরচ হয় কমপক্ষে ৩০০ টাকা। সঙ্গে আছে যানজট। গড়ে ঘণ্টায় খরচ দাঁড়ায় ১২০ টাকা। সবমিলিয়ে খরচ উঠাতে বেশি ভাড়া আদায় করা ছাড়া কোনো উপায় থাকে না।"
একাধিক চালক গাড়ি ভাড়ার নতুন নিয়মের বিরোধিতা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ১০ ঘণ্টা চালালে প্রতি মিনিতে খরচ হচ্ছে ২ টাকা। নতুন নিয়মে বিরতিকালের (যানজটে আটকা পড়লে বা অপেক্ষা করলে) জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১টাকা ২৫ পয়সা। তাই এতে চালকের কোনো লাভ হবে না।
সিএনজি অটোরিকশা ভাড়া পাওয়া এখন 'সোনার হরিণ পাওয়ার মতো' মন্তব্য করে পল্টন মোড়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ওহাব আলী বলেন, "অটোরিকশার সংখ্যা বৃদ্ধি ও যানজট নিরসন করতে না পারলে চালকদের বাড়তি ভাড়া নেওয়ার মনোভাব পরিবর্তন সম্ভব হবে না।"
তাই আগামী জানুয়ারিতে ভাড়ার যে নিয়ম কার্যকর হওয়ার কথা তা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি।
১ জানুয়ারি থেকে সিএনজি অটোরিকশার জমা ৬০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্তের কথা জানার পর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে এক চালক মো. সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিকদের চরিত্র ঠিক নাই। যে বেশি টাকা দেবে সে-ই গাড়ি পাবে।
"৫০ টাকা বেশি পেলে অনেক মালিক পুরাতন চালককে গাড়ি না দিয়ে নতুন চালককে দেন। তাই বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে গাড়ি নিতে হয়।"
বর্তমানে কোনো গাড়ির জমা ৮০০ টাকার নিচে নেই অভিযোগ করে কয়েকজন চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় চালক আছে প্রায় ৩০ হাজার। আর অটোরিকশা আছে মাত্র ১৩ হাজার। এজন্য চালকরাই প্রতিযোগিতা করে জমা বাড়িয়ে গাড়ি নিতে বাধ্য হচ্ছেন।"
বিআরটিএ সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে, যা রাজধানীর জনসংখ্যার অনুপাতে খুবই কম।
ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পো-মিশুক যানবাহন চালক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০২ সালের ডিসেম্বর মাসে ৩৯ হাজার থ্রি-হুইলার (বেবি ট্যাক্সি) বাদ দেওয়ার পর ঢাকায় প্রায় ৭০ হাজার চালক বেকার হয়ে পড়ে। বর্তমানে ১৩ হাজার সিএনজি অটোরিকশা চালাচ্ছেন ২০ হাজার চালক। এর বাইরে আছে ১০ হাজার চালক।
"এর ফলে মালিককে বেশি জমা দিয়ে হলেও অটোরিকশা নেওয়ার জন্য চালকদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আর তাই আগামী জানুয়ারি থেকে বেশি টাকা জমা দিয়ে অটোরিকশা নিলেও চালকরা বাধ্য হয়েই বলবে, নির্ধারিত ৬০০ টাকা জমা দেওয়ার হয়েছে।"
একাধিক চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেওয়ার জন্য মালিকের হাত-পা ধরতে হয়। বাড়তি জমা নিয়ে অভিযোগ করলে মালিক আর গাড়ি দেন না। তাই মালিকের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও নেওয়া যায় না।"
নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যাত্রীদের অভিযোগের কারণে চালকদের আইনি ঝামেলা বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে মজিবর রহমান বলেন, "এমন অবস্থায় অটোরিকশার সংখ্যা না বাড়ালে নতুন নিয়ম কোনো কাজে আসবে না। কারণ, যাত্রীদের কাছে অটোরিকশা এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে।"
মালিকরা বেশি জমা আদায়ের মনোভাব পাল্টালে চালকরাও মিটারে ভাড়ায় যাবে বলে তিনি আশ্বাস দেন।
এ ব্যাপারে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বরকত উল্লাহ ভুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারি থেকে নির্ধারিত জমার বেশি কোনো মালিক আদায় করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
বাড়তি জমা নিয়ে চালকরা অভিযোগ করতে সাহস পায় না গাড়ি না পাওয়ার আশঙ্কায়
bdnews24