২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সব খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

ধানমণ্ডি মাঠসহ রাজধানীর সব খেলার মাঠ উন্মুক্ত রাখা ও দখলমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 06:41 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ধানমণ্ডি মাঠসহ রাজধানীর সব খেলার মাঠ উন্মুক্ত রাখা ও দখলমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সেইসঙ্গে মাঠের ভেতরে ও আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদরও দাবি জানানো হয়। শুক্রবার রাজধানীর ধানমণ্ডি খেলার মাঠ সংলগ্ন মিরপুর সড়কে খেলার মাঠ রক্ষার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান বাপা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। এ সমাবেশের আয়োজন করে 'পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদ'। অধ্যাপক মোজাফফর বলেন, "রাজধানীর সব মাঠ এক সময় উন্মুক্ত ছিলো। কিন্তু বিত্তশালীদের আগ্রাসী মনোভাবের কারণে অনেক মাঠে এখন অবাধে সবাই প্রবেশ করতে পারেনা। " ধানমণ্ডি মাঠে এখনো পর্যন্ত অধিকাংশ লোক খেলার সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এ মাঠকে ঢাকা ক্লাবের মতো বিত্তশালীদের ক্লাবে পরিণত করার পাঁয়তারা চলেছে। এই মাঠটি যাতে নগরবাসীরা ব্যবহার করতে পারে সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে আরো বক্তব্য রাখেন- পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তুষার রেহমান, সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মো. মফিজুল হক সরকার, নিরাপদ ডেভলেপমেন্ট ফাউণ্ডেশনের সভাপতি ইবনুল সাঈদ রানা, বাপার যুগ্ম-সম্পাদক ইকবাল হাবিব, শরীফ জামিল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩৫৬ ঘ.