২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ঘোষণায় আনা পণ্য আটক

মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে ভারত থেকে আমাদানি করা বিপুল পরিমান পোশাক আটক করেছে সাতক্ষীরা টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে ভারত থেকে আমাদানি করা বিপুল পরিমান পোশাক আটক করেছে সাতক্ষীরা টাস্কফোর্স। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড় থেকে দুটি ট্রাক বোঝাই এসব পণ্যসহ ছয় ব্যক্তিকে আটক করা হয় বলে টাস্কফোর্সের কর্মকর্তারা জানান। আটক ট্রাক দুটিতে ২৩৫টি লটে ভারতীয় পাঞ্জাবী, কার্ডিগান, শিশুদের পোশাক, জ্যাকেট, প্যান্টস, সোয়েটার ছাড়াও রয়েছে কাশ্মীরী শাল, থ্রি পিস, লেহাঙ্গা। আটকের পর এসব পণ্য সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে রেখে আমদানি সংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হচ্ছে। টাস্কফোর্সের এই অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শহরের বাঙ্গালের মোড়ে এসব পণ্য আটক করা হয়। পণ্যগুলো ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আনা হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে পণ্যের বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো আটক করা হয়েছিলো। শুক্রবার সকালে খোঁজ খবর নিয়ে জানা গেছে, ঘোষণার অতিরিক্ত পণ্য আনা হয়েছে। পাশাপাশি পণ্যের দাম কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। টাস্কফোর্স কর্মকর্তারা জানান, রাজধানীর নয়াপল্টনের মেসার্স আকা ট্রেডার্সের নামে ভারত থেকে গত ২৮ অক্টোবর এসব পোশাকসামগ্রী ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়। ভোমরার বন্দরের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সুলতান এন্টারপ্রাইজ শুল্ক বিভাগ থেকে এসব পণ্য ছাড় করে। বৃহস্পতিবার ভোমরা বন্দর শুল্ক কার্যালয়ের ছাড়পত্র নিয়ে দুটি ট্রাকে পণ্যগুলো ঢাকায় নেওয়া হচ্ছিলো। পণ্যের সঙ্গে আটককৃতরা হলেন- ট্রাকচালক সাতক্ষীরা সদরের কামাননগর গ্রামের জাহিদুল ইসলাম, যশোরের কোপাখোলা গ্রামের আলমগীর হোসেন, চালকের সহকারী যশোরের লক্ষণপুর গ্রামের শরিফুল ইসলাম, সাতক্ষীরার ইটাগাছা গ্রামের আবেদিন ইসলাম, আমদানিকারকের কর্মচারী সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মোখলেছুর রহমান ও ঢাকার কামরাঙ্গী চরের জবেদ আলী। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম সাংবাদিকদের জানান, দামি এসব পণ্যের মূল্য কম দেখিয়ে শুল্ক বিভাগের ছাড়পত্র নেওয়া হয়েছে। শুল্ক বিভাগে দেওয়া তালিকার সঙ্গে অনেক পণ্যের মিলও নেই। তিনি বলেন, এটা পুকুর চুরি। মালামালগুলো পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ভোমরা বন্দরের শুল্ক বিভাগের সুপারিনটেনডেন্ট মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.