২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলার ডাকাতি, ৩২ জেলে অপহরণ

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বরগুনা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা চারটি ট্রলারসহ ৩২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে জলদস্যু রাজু বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটায় বলে ট্রলার মালিক ও জেলেরা জানিয়েছেন। তাদের দাবি, ডাকাতরা জেলেদের সুন্দরবনের ভেতর আটকে রেখে ৬৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। গত মাসেও বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। উপকূলীয় এলাকায় মাছ ধরার মওসুমে জলদস্যুদের উৎপাত বেড়ে যায় বলে স্থানীয়রা জানায়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, রাজু বাহিনীর সদস্যরা ২৬টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে মাছ, জাল, জ্বালানি তেল, ট্রলারের ইঞ্জিনের যন্ত্রাংশসহ প্রায় ৫০ লাখ টাকার মূল্যবান জিনিস নিয়ে গেছে। যাওয়ার সময় বরগুনা শহরের শুক্কুর আলীর এফবি জিসান, এফবি মায়ের দোয়া, এফবি নুরজাহান ও পনু আকনের একটি ট্রলারসহ ৩২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত জেলেদের মধ্যে আলম, সালেক মাঝি, কবির মাঝি, আবদুল মন্নান, জাকির হোসেন, আবদুল মালেক, আবদুল জব্বার, ফুল মিয়া, আয়নাল, ফারুক হোসেন ও আবদুল কাদেরের নাম জানা গেছে। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, এভাবে ট্রলার ডাকাতি চলতে থাকলে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ করে দিতে হবে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মুশফিকুর রহমান জানান, তারা ডাকাতির ঘটনাটি জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.