ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত থেকে জামিন পাওয়ায় জেএমবির একই সদস্যকে বারবার গ্রেপ্তার করতে হচ্ছে। সন্দেহভাজন চার ব্যক্তিকে পুনর্বার গ্রেপ্তারের পর এ কথা বলেছে র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর হোটেল চ্যানেল ইন্টারন্যাশনাল থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চার জনকে নিয়ে শুক্রবার র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের আগেও গ্রেপ্তার করা হয়েছিলো।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুর হক ওরফে নুরুল ইসলাম ওরফে নুরুল হক ওরফে সনু (২৫), একরাম হোসেন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান হুজুর (৫৫) ও হাফেজ মাহবুবুর রহমান (২২)।
এদের মধ্যে নুরু জেএমবির এহসার সদস্য এবং একরাম গায়ের এহসার সদস্য বলে র্যাব জানায়।
চারজনকেই এর আগে গ্রেপ্তার করা হয়েছিলো জানিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার সোহায়েল বলেন, "এসব জঙ্গিদের অনেককে আমরা অতীতেও একই অভিযোগে গ্রেপ্তারের পরে আদালতে পাঠিয়েছিলাম। কিন্তু জামিনে ছাড়া পেয়ে তারা পুনরায় অপরাধে লিপ্ত হয়েছে। ফলে বলা যায়, অনেককেই আমাদের বার বার গ্রেপ্তার করতে হচ্ছে।"
গ্রেপ্তারকৃতদের কাছে নয়টি হাতবোমা, দুটি চাকু পাওয়া গেছে বলে র্যাব জানায়।
সোহায়েল বলেন, "জেএমবি সদস্যদের কাছ থেকে বোমা উদ্ধার প্রমাণ করে, এরা এখনো নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ছদ্মপরিচয় ব্যবহার করে, সাধারণ মানুষের সঙ্গে মিশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।"
নুর হক ২০০৪ সালে জেএমবির সঙ্গে যুক্ত হয় বলে র্যাব জানিয়েছে। ২০০৫ সালের অগাস্টে দিনাজপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ছাড়া পাওয়ার দুই বছরের মাথায় তিনি আকার গ্রেপ্তার হন। আবার ছাড়া পেয়ে ঢাকায় এসে প্রথমে রিকশা এবং পরে অটো রিকশা চালানো শুরু করেন তিনি। এ পরিচয়ের আড়ালে তিনি জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে র্যাবের দাবি।
একরাম ঢাকার মালিটোলার একটি গ্যারেজে কাজ করতেন। ২০০৯ সালের মার্চ বগুড়ার সারিয়াকান্দিতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। দুই মাস কারাগারে থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।
মিজানুর ও মাহবুব ২০০৭ সালে ময়মনসিংহের জীবনতলা জামিয়া ইসলামী উলুম কওমী মাদ্রাসা কমপ্লেক্স থেকে জঙ্গি সম্পৃক্তার অভিযোগে গ্রেপ্তার হন। দুজনই জামিনে বেরিয়ে পালিয়ে ছিলেন বলে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24