নারায়ণগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে (লিংকরোড) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাস চাপা পড়ে এক যুবক নিহত ও একজন আহত হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করে। প্রায় আধাঘণ্টা অবরোধকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পোল্ট্রি ফার্মের মুরগির খাবার নিয়ে একটি রিকশা ভ্যান চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ফতুল্লার সস্তাপুর নতুন জেলা কারগারের সামনে নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যানের আরোহী জহিরুল ইসলাম (২৯) ঘটনাস্থলেই মারা যায়। সে পঞ্চবটি ডালিপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
গুরুতর আহত ভ্যানচালক একই এলাকার আব্দুর রউফের ছেলে হাফিজুল ইসলামকে (৩২) শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বাসের চাপায় একজন নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৯ ঘ.
bdnews24