ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৫ সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে 'সংখ্যালঘুদের ওপর' সব নিপীড়নের বিচার দাবির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিজয়া সম্মেলন করেছেন বৃহস্পতিবার।
প্রদীপ জ্বালিয়ে সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম সি আর দত্ত। ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি এ সম্মেলন আয়োজন করে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাধনা হালদার, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, ধর্মরাজিক বৌদ্ধ মহামন্দিরের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথের, রামকৃষ্ণ মঠ ও মন্দিরের স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ স্বাগত বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শর্মিলী বন্দোপাধ্যায় ও তার দল। এ সময় সাইদুর রহমান বয়াতী ও তার দল কবিগান পরিবেশন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১১৬ ঘ.
bdnews24