চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়রের কার্যালয়ে হামলার প্রতিবাদে সভা করেছে ওয়ার্ড কাউন্সিলররা।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত কাউন্সিলররা হামলার ঘটনাকে 'রাজনৈতিক রূপ' না দেওয়ার আহবান জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অবৈধ বিলবোর্ড উচ্ছেদের জের ধরে গত মঙ্গলবার 'চট্টগ্রাম আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের' নেতারা মেয়র মনজুর আলমের কার্যালয়ে জোর করে ঢোকার সময় বাধা পেয়ে মেয়রের অফিস সহকারী ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ ছয় জনকে লাঞ্ছিত করে। অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের অধিকাংশ নেতা নগর যুবলীগের সঙ্গে যুক্ত।
চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় সিসিসি'র ২৩ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন, যদিও মেয়রের কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে বুধবার ৫৫ জনের মধ্যে ৪৭ জন ওয়ার্ড কাউন্সিলর বিবৃতি দেন।
সভায় কাউন্সিলররা বলেন, মেয়রের কার্যালয়ে যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা ব্যবসায়ী নয়, সন্ত্রাসী। সরকারের উচিত যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
কাউন্সিলর হায়দার মিন্টু বলেন, "মেয়রের কার্যালয়ে হামলা চালানো মানে সিসিসি'র কার্যক্রমে হস্তক্ষেপ করা। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে মনে করবো, সরকার হামলাকারীদের প্রশ্রয় দিচ্ছে।"
মাহমুদ হাসনী বলেন, সিসিসি যখন চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে তখন নানা জায়গা থেকে প্রতিবন্ধকতা আসছে।
সভায় এ দুজন ছাড়াও বক্তব্য রাখেন মনোয়ারা বেগম মনি, শহীদুল আলম টুলু, সিরাজুল ইসলাম, সৈয়দা রেহানা কবির রানু, জান্নাতুল ফেরদৌস পপি, মাহমুদুল আলম, মোহাম্মদ আজম, আব্দুস সাত্তার সেলিম, বিজয় কুমার চৌধুরী, মো. ইসমাইল ও গিয়াস উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০০৩ ঘ.
bdnews24