২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশন প্রধানের আকস্মিক সিরাজগঞ্জ সফর

দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ করা সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার হলে জনগণ উন্নত সেবা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ করা সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার হলে জনগণ উন্নত সেবা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এটা প্রাপ্তির অধিকার জনগণের রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে কমিশন প্রধান আকস্মিক সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মিজানুর রহমান সিরাজগঞ্জ বিএনএস চক্ষু হাসপাতাল, গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সালেহা ইসহাক সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সালেহা ইসহাক সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ে লাইব্রেরি থাকলেও তার যথাযথ ব্যবহার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরি যাতে ছাত্র/ছাত্রীরা যথাযথ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে তিনি শিক্ষামন্ত্রীকে অবহিত করবেন। কমিশনের চেয়ারম্যান আরো বলেন, মাত্র চারমাস আগে কমিশন যাত্রা শুরু করেছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে লোকবল কম রয়েছে। লোকবল বৃদ্ধি পেলেই কমিশনের গতি, পরিধি ও কার্যক্রম আরো বাড়বে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে নির্যাতন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, খুন-এ ধরনের অপরাধকে মানবাধিকার লংঘন বলে বিবেচনা করা হতো। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানও মানবাধিকারের অংশ। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে কমিশন কাজ করে যাচ্ছে। হাসপাতাল পরিদর্শনকালে মিজানুর রহমান চিকিৎসার মান, খাদ্য সরবরাহ, পরিস্কার-পরিছন্নতা ও সেবার মান সঠিক রয়েছে কি-না তা রোগীদের কাছে জানতে চান। হাসপাতালের উন্মুক্ত বোর্ডে চিহ্নিত থাকলেও সব ওষুধ সরবরাহ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাব্বত হোসেন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী, এনডিসি রফিকুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ওসমান গণি ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট দেলোয়ার হোসেন সাঈদী উপস্থিত ছিলেন। বিকালে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগার ও এতিমখানা পরিদর্শন করেন। সকাল ১০টায় তিনি সিরাজগঞ্জ সার্কিট হাউজে পৌঁছেন। পরিদর্শন শেষে বিকাল ৪টার দিকে কারাফটক থেকেই তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.