২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মধ্যে ৪ বিচারপতির শপথ

সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভ আর হট্টগোলের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ নিলেন রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 09:44 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভ আর হট্টগোলের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ নিলেন রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামান। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে তিনি ওই দুই বিচারপতিকে শপথ পড়িয়েছেন। তবে তাদের শপথ পড়ানোয় প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নতুন দুই বিচারকের এজলাস বয়কটের ঘোষণাও দিয়েছে তারা। অন্যদিকে নতুন বিচারকদের স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলসহ সরকার সমর্থক আইনজীবীরা। বাবু ও খসরুজ্জামানসহ চার বিচারককে বৃহস্পতিবার শপথ পড়ান প্রধান বিচারপতি। অন্য দুই বিচারক হলেন- ফরিদ আহমেদ, নজরুল ইসলাম তালুকদার। বাবু ও খসরুজ্জামানসহ ১৭ জনকে গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এরপর ১৮ এপ্রিল এই দুজন ছাড়া বাকিদের শপথ করান তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম। এরপর গত সোমবার রাষ্ট্রপতি নিয়োগ দেন ফরিদ আহমেদ ও নজরুল ইসলামকে। এক সময়ের ছাত্রনেতা বাবু একটি মামলার আসামি ছিলেন। খসরুজ্জামানের বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ইয়াজউদ্দিন নেতৃত্বাধীন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভাংচুরের অভিযাগ ছিলো। অভিযোগ থেকে বাবু ও খসরুজ্জামানকে আদালত অব্যাহতি দিলেও বিএনপি সমর্থক আইনজীবীরা এ নিয়োগের বিরোধিতা করে আসছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে। শপথ অনুষ্ঠান বিচারকদের শপথ অনুষ্ঠান নিয়ে সকাল থেকে উত্তেজনা ছিলো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। বিএনপি সমর্থক আইনজীবীরা সকাল থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদলের নেতৃত্ব আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে। সকাল সোয়া ১১টার দিকে নতুন বিচারকদের শপথ করানো শুরু হয় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ সরকার সমর্থক আইনজীবীরা এ সময় লাউঞ্জের বাইরে অবস্থান করছিলেন। অন্যদিকে বিক্ষোভকারী আইনজীবীরাও জাজেজ লাউঞ্জের পাশে অবস্থান নেওয়ায় সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শপথ পড়ানোর আগে সেখান থেকে সরকারবিরোধী আইনজীবীদের সরিয়ে দেয় পুলিশ। তারপর তারা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে যান। পরে দুপুরে সেখানে বৈঠক করে বিএনপি নেতৃত্বাধীন আইনজীবী সমিতি। প্রধান বিচারপতির বক্তব্য দুই বিচারকের শপথ পড়ানো নিয়ে সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভকে অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, সংবিধান রক্ষার জন্য দুই বিচারপতিকে শপথ পড়িয়েছেন তিনি। চার বিচারপতিকে শপথ পাঠ করানোর পর খাস কামরায় যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, "দায়িত্ব গ্রহণ করার পর এক মাস ধরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীসহ বিচারপতিদের সঙ্গে ওই দুই বিচারপতির শপথের বিষয়ে আলোচনা করেছি। তারা দুটি বিষয় বলেছেন। "সংবিধান রক্ষা করা প্রধান বিচারপতি হিসেবে আপনার দায়িত্ব। তারা এ-ও বলেছেন, আপনি যদি এই দুই বিচারপতিকে শপথ পড়ান তাহলে আপনার ব্যক্তিগত জনপ্রিয়তা কমবে।" "আমি সার্বিক বিষয় বিবেচনা করে সংবিধান রক্ষায় দুই বিচারপতিকে শপথ পড়াই", বলেন খায়রুল হক। তিনি আরো বলেন, "প্রধান বিচারপতির অনুমোদনে রাষ্ট্রপতি গেজেটের মাধ্যমে ওই দুই বিচারপতিকে নিয়োগ দিয়েছিলেন। গেজেট হয়ে যাওয়ার পর আমি যদি তাদের শপথ না পড়াই তাহলে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। "অন্যায় কারণে ভবিষ্যতে কোনো প্রধান বিচারপতি যাতে এই দৃষ্টান্ত অনুসরণ করতে না পারে সেজন্যই এই দুই বিচারপতিকে আমি শপথ পাঠ করিয়েছি।" শপথ নিয়ে আইনজীবীদের ভূমিকাকে অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, "সবাইকে আইন মান্য করতে হবে। আইন মান্য করে চলুন। সংবিধান ও আইন রক্ষা করে চলুন।" প্রধান বিচারপতি আরো বলেন, "আমি শপথ নিয়েছি আইন ও সংবিধান রক্ষা করার জন্য। একদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা; অন্যদিকে আমার জনপ্রিয়তা। আমি কোনটা মানবো? "সংবিধান অনুসারে আমি শপথ নিয়েছি", বলেন তিনি। আইনজীবী সমিতির প্রতিবাদ শপথ অনুষ্ঠানের পর তাৎক্ষণিক এক সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতির পদত্যাগের দাবি জানায়। নতুন দুই বিচারপতিকে বয়কটের সিদ্ধান্তও নিয়েছে তারা। আইনজীবী সমিতির দক্ষিণ হলে দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সমিতির সভা হয়। সভায় নতুন দুই বিচারপতির সঙ্গে না বসতে জ্যেষ্ঠ বিচারপতিদের প্রতি আহ্বান জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর মিছিল নিয়ে তারা ওই দুই বিচারপতির এজলাসের সামনে অবস্থান নেন। মিছিলে তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে স্লোগান দেন। সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব শপথ অনুষ্ঠানের সময় জাজেস লাউঞ্জের সামনে সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন ধরে দুই বিচারপতিকে শপথ দেওয়া হয়নি। প্রধান বিচারপতিকে বলেছিলাম, সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষার জন্য এই দুই বিচারপতিকে শপথ পড়াবেন না। "তার পূর্বসূরি এই দুজনকে শপথ পড়াননি। শপথ দিয়ে সুপ্রিম কোর্টকে অশান্ত করবেন না। কিন্তু আমরা সাড়া পাইনি। এজন্য সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।" অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া আদালত প্রাঙ্গণে হট্টগোলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, দুই বিচারককে শপথ পড়িয়ে প্রধান বিচারপতি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধান বিচারপতি শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছিলেন। দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "প্রধান বিচারপতির মতামতের ভিত্তিতে ১৭ বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিলো। সাবেক প্রধান বিচারপতি দুই বিচারপতিকে শপথ না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ রাষ্ট্রপতির গেজেটের পর প্রধান বিচারপতির শপথ পড়ানোরে বাধ্যবাধকতা রয়েছে। "বর্তমান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এই দুই বিচারপতিকে শপথ পড়িয়ে সংবিধান রক্ষা করেছেন।" হাইকোর্টের এক রায়ে আদালত প্রাঙ্গণে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে সরকারের প্রধান আইন কর্মকর্তা বলেন, "যারা আদালতে হট্টগোল করেছে সরকারের উচিৎ, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।" যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার জন্য একটি মহলের প্ররোচনায় এ হট্টগোল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫৪০ ঘ.