গাজীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে চাচাতো ভাইয়ের বন্দুকের গুলিতে এক নারী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
পারিবারিক কলহের জেরে বুধবার রাতে সদর উপজেলার পূবাইল ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম- রহিমা খাতুন (৪৫)। তিনি ওই এলাকার আব্দুল হাই'র স্ত্রী।
ঘটনার পর তার চাচাতো ভাই বকুল (৪০) পালিয়ে যান। তিনি এলাকার জামির উদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, বকুলের সঙ্গে রহিমার ছেলে সোলায়মানের কলহের জেরেই ওই হত্যাকাণ্ড ঘটেছে।
রাত সোয়া ৭টার দিকে ঘরে ঢুকে বকুল নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে রহিমার থুতনির নিচে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই জানান, রাত পৌনে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আক্তারুজ্জামান, জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24