ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামি আসিফ ইমরানের জামিন স্থগিত করেননি বিচারক।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রইবুনালের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম রাষ্ট্রপক্ষের আপত্তি সত্ত্বেও গত ২৮ অক্টোবর আসিফকে জামিন দেন। সেদিনই জামিন স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর শুনানির পর বুধবার সে জামিন স্থগিত করেননি বিচারক নাসরিনা ।
আসামির জামিন দিলেও মামলার যুক্ততর্কের শুনানি গ্রহণ করছেন না বিচারক। বুধবাররও মামলার যুক্তিতর্কের শুনানি গ্রহণ না করে তিনি শুনানির তারিখ পিছিয়ে আগামি ১০ নভেম্বর তারিখ ধার্য করেন।
রাষ্টপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া জানান, আসামি পক্ষ বারবার বিচার বিলম্বিত করার জন্য নানা কারণে সুযোগ পেয়ে যাচ্ছেন।
আসিফ গত ২১ এপ্রিল আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যান। সেদিন আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করেছিলেন আদালতের তৎকালীন বিচারক ঋষিকেষ সাহা।
পরে ২৬ অগাস্ট র্যাব গ্রেপ্তার করে আসিফকে।
২০০৫ সনের ১৭ নভেম্বর ফরিদপুরে নিজের কার্যালয়ে খুন হন দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরোপ্রধান গৌতম।
এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে গৌতমকে খুন হতে হয়েছে।
পরের বছর ১৯ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ওই বছরের ১ অগাস্ট ফরিদপুরের আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকার এ আদালতে স্থানান্তরিত হয়।
কানিজ আকতার নাসরিনা খানম ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক। তিনি ১ নম্বর দ্রুত বিচার আদালতের মামলাগুলোর শুনানি মাঝেমধ্যে ভারপ্রাপ্ত বিচারক হিসাবে গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া এ জামিন আদেশের বিরুদ্ধে হাইকার্টে যাবেন বলে জামিন আদেশ স্থগিত রাখার আবেদন জানান।
আসিফকে নিয়ে এখন এ মামলায় ১০ আসামি জামিনে রয়েছেন। অন্যরা হলেন- আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া ও আবু তাহের মতুর্জা এ্যাপোলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১২৫ ঘ.
bdnews24