মাদারীপুর, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলজিইডি'র এক প্রকৌশলীর কাছ থেকে 'চাঁদা' নেওয়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার থেকে জামাল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
বুধবার সকালে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামীম সরকার জানান, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস সামাদ সিকদার লিখিত অভিযোগ করেন, তার কাছে স্থানীয় চাঁদাবাজ জামাল খান, কামরুল ও বিল্লাল হোসেনসহ কয়েকজন মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে।
কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে একটি মিষ্টির দোকানে গিয়ে টাকা দিয়ে আসতে বলে।
পরিকল্পনা অনুযায়ী র্যাবের একটি দল সাদা পোশাকে ওইস্থানে গিয়ে চাঁদা নেওয়ার সময় জামাল খানকে গ্রেপ্তার করে। এ সময় কামরুল ও বিল্লাল পালিয়ে যায়।
এ ঘটনায় মাদারীপুর থানায় র্যাব একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.
bdnews24