ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটবেল্ট না বাঁধা, হেলমেট না পরা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার অপরাধে রাজধানীতে বুধবার পাঁচশ ৭০টি মামলা হয়েছে।
সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনদিনে দু হাজার নয়শ চারটি মামলা হলো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুধবার মটরযান আইন লংঘন করে সিটবেল্ট না বাঁধায় চারশ ৪৫টি, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় ১৯টি এবং হেলমেট না পরে মটর সাইকেল চালানোর অভিযোগে একশ ছয়টি মামলা করে ভ্রম্যমাণ আদালত।
সিটবেল্ট বাঁধা, গাড়ি চালানার সময় মোবাইল ফোনে কথা না বলা এবং নির্ধারিত স্থানে পথচারীদের সড়ক পারাপার নিশ্চিত করতে সোমবার থেকে পুলিশ, র্যাব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং দেশের সব জেলা প্রশাসন সারাদেশে যৌথভাবে এই বিশেষ অভিযান শুরু করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মটর সাইকেল চালক ও সহযাত্রী হেলমেট এবং গাড়িচালক ও যাত্রী সিটবেল্ট ব্যবহার না করলে তাদের জরিমানা ও কারাদণ্ড দিতে পারবে অভিযান দল। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পারাপারে নির্ধারিত স্থান বা জেব্রাক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে অভিযানে পথচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ২১ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সিটবেল্ট বাঁধা, মোবাইল ফোন ব্যবহার ও ওভারব্রিজ ব্যবহার বিষয়ে আলোচনা ও গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে যাত্রী-চালক এবং পথচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০১৫ ঘ.
bdnews24