ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেদ্দার পর এবার সৌদি আরবের রিয়াদেও ফ্লাইট চালু করেছে জিএমজি এয়ারলাইন্স।
বেসরকারি এ প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদগামী জিএমজি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি মঙ্গলবার সকালে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম ফজলুল করিম এবং কিং খালেদ আর্ন্তজাতিক বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএমজি এয়ারলাইন্স তাদের বোয়িং ৭৬৭-৩০০ইআর বিমান দিয়ে সপ্তাহে তিনদিন ঢাকা-রিয়াদ-ঢাকা বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।
গত অগাস্ট মাসে জিএমজি এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা-ঢাকা ফ্লাইট চালুর মধ্য দিয়ে সৌদি আরবে তাদের সেবা চালু করে।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জিএমজি এয়ারলাইন্স ১৯৯৮ সালের ৬ এপ্রিল অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন সেবা পরিচালনা শুরু করে। ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে জিএমজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৭০০ ঘ.
bdnews24