লালমনিরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বিডিআর জানিয়েছে, বুধবার সকালের এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফর কাছে চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত শহীদুল ইসলাম (২২) বুড়িমারী সীমান্তের মুগলিবাড়ী গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত থেকে গরু আনার সময় ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মেইন পিলারের কাছে ভারতের ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত সদস্যরা শহীদুলকে লক্ষ করে গুলি চালায়।
তিনি বলেন, "এতে গুলিবিদ্ধ শহীদুল দৌঁড়ে বাংলাদেশের ভূ-খণ্ডে চলে আসে। এরপর বিডিআরের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।"
এ হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সীমান্তের পরিস্থিতি শান্ত আছে।
মুগলিবাড়ি গ্রামের মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদুল মঙ্গলবার রাতে গরু আনার জন্য ভারতে যায়। বুধবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাকে লক্ষ করে গুলি চালায়।
পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, ময়না তদন্তের জন্য শহীদুলের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪১৪ ঘ.
bdnews24