ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নতুন ডিওএইচএসে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার হত্যামামলা করেছেন মৃতের ভাই।
নিহত সোলেমা বেগমের ভাই শাহিন মিয়া সেনানিবাস থানায় মামলাটি করেন। আটক প্রকৌশলী হাবিবুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার রাত সোয়া ১১টায় সোলেমা বেগম (৪০) নামের ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যান গৃহকর্তা প্রকৌশলী হাবিবুর রহমান।
গৃহকর্তা বিষপানে মৃত্যুর কথা জানালেও গৃহকর্মীর গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাকে আটক করে পুলিশ।
সেনানিবাস থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসা পরিবর্তনের সময় মালামাল গোছানো নিয়ে সোলেমার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। বিষপানে মৃত্যুর বিষয়টি ঠিক না।"
প্রকৌশলী হাবিবুর রহমান মেঘনা গ্র"প অব ইন্ড্রাস্টিজের চিফ অপারেটিং অফিসার (সিমেন্ট)।
হাসপাতালে তিনি পুলিশকে বলেন, "সোমবার তারা বনানীর বাসা ছেড়ে ১০০/বি নিউ ডিওএইচএসের বাসায় ওঠেন। কিন্তু সোলেমা পুরাতন বাসাতেই থেকে যেতে চান। এই নিয়ে রাগারাগির এক পর্যায়ে সোলেমা বিষপান করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৫১ ঘ.
bdnews24