২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়াড়ি শ্রমিকের মুক্তি দাবিতে পরিবহন ধর্মঘট

জুয়া খেলার সময় গ্রেপ্তার ছয় শ্রমিকের মুক্তি দাবিতে রংপুরে ধর্মঘট ডেকেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:25 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

রংপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া খেলার সময় গ্রেপ্তার ছয় শ্রমিকের মুক্তি দাবিতে রংপুরে সড়ক ধর্মঘট ডেকেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে এ ধর্মঘট ডাকায় জেলার অভ্যন্তরীণ ২৩টি রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী। সোমবার রাতে জেলা শহরের লায়ন্স স্কুলের পাশে জুয়া খেলার সময় ছয় জন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- সাহেব আলী (৩৫), আহসান করিম (৩৭), আনোয়ারুল ইসলাম (২৬), সুলতান (৩৫), মতিয়ার রহমান (৩০) ও শাহিন মিয়া (২৮)। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের বলেন, ২ হাজার ৬০০ টাকা, দুটি মোমবাতি ও তাসসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অবৈধ কাজে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবহন ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, "অপরাধীকে ছেড়ে দিতে হবে, না হলে পরিবহন ধর্মঘট ডাকতে হবে- এমন আবদার করা উচিত নয়। এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৩ ঘ.