ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন।
জামালপুরে অপহরণ মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বিচারক মো. মোতাহার হোসেন রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: দণ্ডিত মো. মানিকুল ইসলাম মধু (২৪) শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জনা গেছে, ২০০৫ সালের ২৫ এপ্রিল মানিকুল একই এলাকার মোজাম্মেল হকের মেয়ে বিনোদপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
২৬ এপ্রিল ওই ছাত্রী বাদি হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকুলের বিরুদ্ধে মামলা করেন।
জামালপুর: দণ্ডিত সবুজ মিয়ার (২৫) বাড়ি মেলান্দহ এলাকায়।
সরকারি কৌঁসুলি এডভোকেট ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সবুজ জামালপুর শহরের কম্পপুর গ্রামের শামসের আলীর মেয়ে ও বোনকে শহরের মালগুদাম রোডে পূজা দেখার সময় অপহরণ করে।
ওইদিনই মেলান্দহ থানার পুলিশ মেলান্দহ বাজার থেকে সবুজকে গ্রেপ্তার করে এবং অপহৃতদের উদ্ধার করে।
ঘটনার পরদিন শামসের আলী বাদি হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24