২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১২ ঘণ্টা পর ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরণের ১২ ঘণ্টারও বেশি সময় পর নোয়াখালীতে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নোয়াখালী, নভেম্বও ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১২ ঘণ্টারও বেশি সময় পর নোয়াখালীতে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে জসিম উদ্দিন ওরফে মহসিন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জসীম পশ্চিম মাইজদী এলাকার শহীদ উল্লাহর ছেলে এবং দুই সন্তানের জনক। রোববার সকাল ১১টার দিকে নোয়াখালী সদরের ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে দুইজন ছাত্রীকে অপহরণ করা হয়। বিকাল ৩টার দিকে একজনকে ছেড়ে দেয় অপহরণকারী। রাত ১২টার দিকে জেলা শহরের পশ্চিম মাইজদী এলাকা থেকে অপরজনকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে হাজির করলে জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দু'টি মামলা করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট আদালতের হাকিম অপহৃত দুই ছাত্রীর ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুধারাম থানার পরিদর্শক জাহিদুল হক জানান, বেশ কিছুদিন থেকে জসিম উদ্দিন মহসিন নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আসছিল। কিন্তু তাদের মধ্যে কখনো দেখা হয়নি। রোববার সকালে মহসিন ওই বিদ্যালয়ের সামনে গিয়ে স্কুল ছাত্রীটির সঙ্গে দেখা করে তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ সময় মহসিন কৌশলে ওই ছাত্রী ও তার এক সহপাঠীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে কাজী অফিসে যায়। কাজী বিয়ে পড়াতে অপারগতা প্রকাশ করলে দুপুর ১২টার দিকে পশ্চিম মাইজদীর হাজি বাড়িতে একটি ঘরে দুই ছাত্রীকে আটকে রাখে মহসিন। ঘটনাটি শুনে এলাকার লোকজন ছুটে এলে মহসিন তাদের জানায়- ছাত্রীটি তার সঙ্গে বিয়েতে রাজি না হলে হত্যা করা হবে। এ অবস্থায় পরিবারের লোকজনের অনুরোধে বিকাল ৩টার দিকে ছাত্রীটির বান্ধবীকে ছেড়ে দেয়। সন্ধ্যা থেকে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। রাতে পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী ও ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। রাত ৯টার দিকে দমকল বাহিনীও যোগ দেয় তাদের সঙ্গে। তাদের বারবার অনুরোধের পরও ছাত্রীটিকে ছেড়ে না দিলে কৌশল হিসেবে অভিযান বন্ধের ঘোষণা দিয়ে তারা অবস্থান পরিবর্তন করেন। মধ্যরাতের দিকে মহসিন পালানোর চেষ্টাকরলে পুলিশ তাকে গ্রেপ্তার এবং ছাত্রীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.