২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গুলি করে হত্যা

কক্সবাজার সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

কক্সবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো পাঁচজন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের ঢেঁকিরখালী এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহত নুরুল আজিম (৩৫) ফরিয়াপাড়া এলাকার জাফর আলমের ছেলে। তার এক সন্তান ও স্ত্রী রয়েছে। আগামী ২৭ নভেম্বর তার দুবাই যাওয়ার কথা ছিলো বলে পরিবারের সদস্যরা জানান। আহতরা হলেন- একই এলাকার সুলতান আহমদের ছেলে সরওয়ার আলম (২৫), মৌলবী মুস্তাফিজুর রহমানের ছেলে করিম উল্লাহ (৪৫) ও ছালামত উল্লাহ (৩২), আবুল খায়েরের ছেলে রমজান আলী (৩৫) ও নুরুল হক (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। নুরুল আজিমের আত্মীয় নুরুল আলম সাংবাদিকদের কাছে দাবি করেন, নুরুলের পরিবারের সদস্যদের সঙ্গে একই এলাকার হাবিব উল্লাহ ও জলিলের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এই বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে নুরুল তার বাড়ি থেকে ঢেঁকিরখালী যাওয়ার পথে ঢেঁকিরখালী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি জানান, নুরুলের বুকে ৮টির বেশি গুলির চিহ্ন দেখা গেছে। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৭ ঘ.