২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রা শুরু করলো চট্টল এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চট্টল এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। দুটি ট্রেনে প্রতিদিন প্রায় চার হাজার যাত্রী এ রুটে ভ্রমণ করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চট্টল এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। দুটি ট্রেনে প্রতিদিন প্রায় চার হাজার যাত্রী এ রুটে ভ্রমণ করতে পারবে। সোমবার এ ট্রেন উদ্বোধনের পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, রেলওয়ের লাভজনক পর্যায়ে নিয়ে আসতে সরকার নতুন সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে। এজন্য প্রয়োজনীয় লোকোমোটিভ, প্যাসেঞ্জার কোচ, ফ্লাটওয়াগন ও ব্রেকভ্যান সংগ্রহ করা হচ্ছে। রেলওয়েকে গতিশীল করতে শীঘ্রই নতুন লোকবল নিয়োগের কাজ শেষ করা হবে বলে কমলাপুর রেলস্টেশনের ভিআইপি লাউঞ্জে মন্ত্রী সাংবাদিকদের জানান। নতুন এ সার্ভিসের আওতায় দু'টি ট্রেন প্রায় একই সময়ে ঢাকা হতে চট্টগ্রাম অভিমুখে এবং বিপরীত মুখে ছেড়ে আসবে। ট্রেন দুটি বিমানবন্দর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম ও ফেনীতে যাত্রাবিরতি করবে। এ ট্রেনে প্রথম শ্রেণীর এসি ও নন-এসি এবং সুলভ শ্রেণীর আসন ব্যবস্থা রয়েছে বলে রেলওয়ের কর্মকর্তারা জানান। আবুল হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণশক্তি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বেশির ভাগই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ব্যবসা-বাণিজ্য, পেশাগত কারণ, চিকিৎসা সেবা ছাড়াও নানান কারণে ঢাকা-চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রুট। এ রুটের যাত্রী সেবা বাড়াতে রেলের বহরে আরো দু'টি ট্রেন যুক্ত হলো। তিনি বলেন, ঢাকা-দিনাজপুর রুটেও শিগগিরই নতুন ও আধুনিক রেল সার্ভিস চালু করা হবে। চট্টল এক্সপ্রেস উদ্বোধনের সময় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান ও রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক টিএ চৌধুরীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৩৬ ঘ.