২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর ৫ দিনের রিমান্ডে

শুনানিতে বিএনপি সমর্থক আইনজীবীদের ব্যাপক হট্টগোলের মধ্যে লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত সিআইডিকে পাঁচদিন সময় দিয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান এ সময় দিয়েছেন, যদিও সিআইডি বাবরকে ১০ দিন হেফাজতে চেয়েছিলো। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআইডি'র আবেদনের ওপর শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাবরকে কখন থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সুবিধামতো সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করবো।" এদিকে শুনানির দিনে বাবরের মুক্তি চেয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। রিমান্ড শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "আসামির আইনজীবীরা শুনানির সময় আদালতে যে হট্টগোল ও হইচই করেছে তা নজিরবিহীন। এ কাজটি আইনজীবীদের কাছে থেকে কাম্য নয়।" তিনি বলেন, "এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটা আদালত। আদালতের সম্মান করার দায়িত্ব্ সবার।" পিপি বলে, বাবরসহ এনএসআই ও বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তারা ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তারা প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেছেন। এ কারণে বাবরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। বাবরের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে বাবরকে আনার সময় থেকেই তিনি অসুস্থ। রিমান্ডে নিলে তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন। এ জন্য আমরা রিমান্ডের বিরোধিতা করেছিলাম। এর আগে দুপুর আড়াইটার দিকে লুৎফুজ্জামান বাবরকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নতুন আদালত ভবনে নিয়ে আসা হয়। গত ৩ অক্টোবর সিআইডি'র এক আবেদনে মহানগর হাকিম ফজলুল বারী ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একইদিন মামলার আইও বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের সময় চেয়ে আবেদন জানান। ১৩ অক্টোবর বাবরের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় ওই দিন বাবরকে হাজির করা হয়নি। স্থগিতাদেশ প্রত্যাহারের পর বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে হাজিরার জন্য ঢাকা থেকে ২৯ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আনা হয়। এর আগে ২১ অগাস্ট গ্রেনেড হামলা তদন্তেও সিআইডি বাবরকে জিজ্ঞাসাবাদ করে। ওই মামলারও তদন্ত করছে সিআইডি। ২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র গোলাবারুদ আটক করে পুলিশ। ওইসময়ে তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করে মামলার তদন্ত অন্য খাতে প্রবাহিত করার অভিযোগ উঠে আসে বাবরের বিরুদ্ধে। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানিতেও বাবরের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসার পরই কারাবন্দি বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৬১১ ঘ.