২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক ইমদাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক

গুরুতর অসুস্থ ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় প্রায় চুরাশি বছর বয়সী ইমদাদ হোসেনকে এক সপ্তাহ আগে 'বারডেম' হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর পরিবারের সদস্য ও স্বজনরা। বেশ কিছুদিন ধরে রোগে ভুগলেও গত ২৩ শে অক্টোবর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় পরদিন রোববার সকালেই তাকে 'বাংলাদেশ ইন্সটিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর ডায়াবেটিস, অ্যান্ডোক্রাইন অ্যান্ড মেটাবোলিক ডিসঅর্ডার্স' (বারডেম) হাসপাতালের আই সি ইউ-তে স্থানান্তর করা হয়। অধ্যাপক ডা. খাজা নাজিমুদ্দিনের তত্ত্ববধানে বর্তমানে হাসপাতালটির ১২০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ইমদাদ হোসেনের অবস্থা নিয়ে আশাবাদী নন চিকিৎসকরাও। এই ভাষা সৈনিকের অবস্থা সম্পর্কে জানতে চাইলে রোববার বিকালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মুসতারশিদ বিল্লাহ তৌফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইমদাদ হোসেনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নয়।" তিনি জানান, ২৪ তারিখে প্রচণ্ড শ্বাসকষ্ট, কাঁশি এবং বমি নিয়ে এই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি মারাত্মক নিউমোনিয়ায় ভুগছেন। ডা. তৌফিক আরও বলেন, "ইমদাদ হোসেন অনেকদিন ধরেই আলঝাইমারে ভুগছিলেন এবং তার ডায়াবেটিসও রয়েছে। তবে, ডায়াবেটিস ও অন্যান্য সমস্যা এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। "কিন্তু আইসিইউ-তে দু'দিন রাখার পর অবস্থা কিছুটা ভাল দেখে তাকে কেবিনে স্থানান্তর করা হলেও এখন তার শরীরের আর কোনো উন্নতি হচ্ছে না। তিনি শঙ্কামুক্ত নন।" পরিবারের সদস্যরা জানিয়েছেন, এমনিতে সুঠাম দেহের অধিকারী এই শিল্পী কখনও হৃদরোগ বা অন্য কোনো জটিল অসুখে ভোগেননি। তবে, ১৯৮৪ সালে তার গলব্লাডারে এবং গত বছর প্রোস্টেটগ্ল্যান্ডে অস্ত্রোপচার হয়েছিল। নেই কোনো সরকারি সহায়তা ইমদাদ হোসেনের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা নেই বলে জানিয়েছে তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় বারডেম হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাজহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইমদাদ হোসেনের চিকিৎসায় সরকারি সহায়তার বিষয়ে এখনও পর্যন্ত কোনো চিঠি বা অন্য কোনো নির্দেশনা আমরা পাইনি।" এদিকে, এই হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন না তুললেও সেবার সার্বিক মান নিয়ে সন্তুষ্ট মনে হয়নি তার পরিবারের সদস্যদের। উন্নত চিকিৎসার জন্য এ ভাষা সৈনিককে বিদেশে নিয়ে যেতে চান কি না এমন এক প্রশ্নের জবাবে তার বড় ছেলে অপু হোসেন বলেন, "আমরা মনে করি সর্বাত্মক চেষ্টা করলে দেশেই তার উন্নত চিকিৎসা সম্ভব।" আজীবন সংগ্রামী শিল্পী ইমদাদ হোসেন ইমদাদ হোসেনের জন্ম ১৯২৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে। বাবার নাম মজিদ বক্স, মায়ের নাম সাবেদুন নেসা। তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিক বাড়ীতে। স্কুলের লেখাপড়াও সেখানেই। পরে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৪৮ সালে ভর্তি হন তৎকালীন ঢাকা আর্ট কলেজে (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ইমদাদ হোসেন চারুকলার ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভাষা আন্দোলনের পরও নানা সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ চালিয়ে যান তিনি। ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠার সময় থেকেই শিল্পী ইমদাদ হোসেন ছিলেন সংগঠনটির একজন সক্রিয় সদস্য। ১৯৬৯ সালে স্বাধিকার আন্দোলনে তুমুল ছাত্র-গণঅভ্যুত্থানের সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কামরুল হাসানের সঙ্গে মিলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে 'চারু শিল্পী সংস্থা' গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিল্পী ইমদাদ হোসেন। ১৯৬০ সালে ইস্ট পাকিস্তান ডিজাইন সেন্টারে নকশাবিদ হিসেবে পেশাজীবন শুরু করেন এই কর্মবীর। পরের বছরই শিল্প নির্দেশক হিসেবে যোগ দেন 'ইউএসএআইডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেন্টার'-এ। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে সিনিয়র লেকচারার হিসেবে শিক্ষকতায় যোগ দেন তিনি। ১৯৬৬ সালে প্রধান নকশাবিদ হিসেবে কাজ শুরু করেন পূর্ব পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রে। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনের লোগো নকশা করেন শিল্পী ইমদাদ হোসেন। ১৯৭৬ সালে অবসর নেন বাংলাদেশ টেলিভিশন থেকে। ১৯৭৬ সালেই যোগ দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন 'বিসিক'-এ। ১৯৯১ সালে অবসরে যাওয়ার সময় তিনি ছিলেন সংস্থাটির প্রধান নকশাবিদ। শিল্পী ইমদাদ হোসেন সারা জীবনই যুক্ত ছিলেন সৃষ্টিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে। স্বাধীনতার পর ভাষা আন্দোলনের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার নতুন করে নির্মাণের উদ্যোগে ভূমিকা রাখেন তিনি। ১৯৭৪ সালে শহীদ মিনারের মূল স্তম্ভের পেছনে বিশালাকৃতির লাল সূর্যের নকশাটি যোগ করা হয় এই ভাষা সৈনিকের প্রস্তাব অনুসারেই। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শেষদিকে তৎকালীন চারুকলা ইন্সটিটিউটের সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে বাংলা নববর্ষের র‌্যালি শুরুর সময়েও সক্রিয় প্রবীণ এই শিল্পীই র‌্যালিটির নামকরণ করেন 'মঙ্গল শোভাযাত্রা'। ইমদাদ হোসেন ১৯৫৪ সালের ২১ নভেম্বর বিয়ে করেন। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম বকুলি। চার ছেলে ও দুই মেয়ের জনক এই শিল্পী নিজের পরিবারকেও গড়ে তুলেছেন যথার্থই শিল্পী পরিবার হিসেবে। তার তিন ছেলেই চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী শিল্পী। মেজ ছেলে শিল্পী নিসার হোসেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন ইমদাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এইচএ/২২৪০ ঘ.