ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানচালক ও পথচারীদের নির্ধারিত কয়েকটি আচরণ নিশ্চিত করতে সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হচ্ছে।
যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ, র্যাব, বিআরটিএ ও দেশের সব জেলা প্রশাসন।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মটর সাইকেলচালক ও সহযাত্রী হেলমেট এবং গাড়িচালক ও যাত্রী সিটবেল্ট ব্যবহার না করলে তাদের জরিমানা ও কারাদণ্ড দিতে পারবে অভিযান দল। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পারাপারে নির্ধারিত স্থান বা জেব্রাক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে অভিযানে পথচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা দণ্ডণীয় অপরাধ।
গত ২১ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় সিটবেল্ট বাঁধা, মোবাইল ফোন ব্যবহার ও ওভারব্রিজ ব্যবহার বিষয়ে আলোচনা ও গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং জনপরিবহনের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর সব সড়ক ও গলিপথে চলাচলকারী যাত্রী-চালক এবং পথচারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয় বলে ডিএমপি'র বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২০১ ঘ.
bdnews24