ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য খুলনা কারাগার থেকে ঢাকায় আনা এক ভারতীয় রোববার সকালে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মৃত স্বপন সেন (৫৫) জটিল কিডনী রোগে ভুগছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম।
তৌহিদুল বলেন, পাসপোর্ট আইনে গ্রেপ্তার এই বন্দিকে গত ১৯ অক্টোবর খুলনা থেকে ঢাকায় আনা হয়। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত বুধবার দুপুরে তাকে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তার সৎকারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় দূতাবাসকে জানানো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমইউএস/পিডি/১৭৫৪ঘ.
bdnews24