২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রতিবন্ধীদের আলাদা শুমারি করা হবে'

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধীদের আলাদা শুমারি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধীদের আলাদা শুমারি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। 'বাংলাদেশ প্রতিবন্ধী নাগরিক অধিকার আইন: শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের অধিকার ও মর্যাদা' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স। মন্ত্রী এ শুমারি প্রসঙ্গে বলেন, "দেশে কোন ধরণের কত প্রতিবন্ধী আছে এ হিসাবটি পরিসংখ্যান ব্যুরো এবং নির্বাচন কমিশনের কাছে কয়েকবার চেয়েছিলাম। কিন্তু তারা দিতে পারেনি। তাই আমরাই প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যানের জন্যে এ শুমারি করবো।" এনামুল হক বলেন, "সরকার 'বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন- ২০০১' সংশোধন করে নতুন আইন করার কাজ হাতে নিয়েছে। প্রতিবন্ধীদের অধিকার আদায়ে লড়াই করতে হবে। আইন যতোই কঠোর হোক না কেন, প্রয়োগের ক্ষেত্রে যদি কঠোর না হওয়া যায় তাহলে কিছুই হবে না।" মন্ত্রী বলেন, "শ্রবণ প্রতিবন্ধীরা কথা বলতে পারেন না এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় অনেকের কথা বলার সুযোগ থাকে। কিন্তু অভিভাবকদের অজ্ঞতার কারণে তারা বুঝতেও পারেন না চিকিৎসা করালে তারা কথা বলতে পারবে।" এ ধরণের ঘটনায় চিকিৎসকরা যাতে উপযুক্ত পদক্ষেপ নেন সেজন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস। এতে সভাপতিত্ব করেন এসডিএসএল'র চেয়ারম্যান এম ওসমান খালেদ। মূল প্রবন্ধে ১ ফেব্র"য়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস, এ ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান, বাংলা ইশারা ভাষা আইন ও নীতিমালা প্রণয়ন এবং এ ভাষার উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও পেশাদার দোভাষী তৈরির জন্যে বাংলা ইশারা ভাষা একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। মূল প্রবন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি) অনুযায়ী প্রতিবন্ধী আইন করার দাবি জানানো হয়। বাংলাদেশ ২০০৭ সালে সিআরপিডি অনুসমর্থন করে। ২০০৮ সালে এই সনদটি আন্তর্জাতিক আইন হিসেবে কার্যকর হয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক এম আই চৌধুরী, ঢাকা বধির সংঘের সভাপতি মীজানুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৭১৭ ঘ.