চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১২ এ বিডিআরের ২১ জওয়ানকে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনানো হয়েছে।
রোববার এই ২১ জন জওয়ানকে বিদ্রোহের অভিযোগে আদালতে হাজির করা হয়। তাদেরকে উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন।
আদালত অভিযোগের ওপর শুনানির জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছে। এদিন সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় বিডিআর আদালত শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খাঁন। আদালতের অপর ২ সদস্য হচ্ছেন লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন এবং লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শশাংক শেখর সরকার। এই আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লে. কর্নেল জায়েদ হোসেন। তাকে সহায়তা করেন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট মন্জুর আলম ও অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
এর আগে বিশেষ আদালত-১২ শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ২১ জওয়ানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে রোববার অভিযুক্তদের আদালতে হাজির করার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১০২ ঘ.
bdnews24