নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপগঞ্জের ঘটনায় র্যাব-পুলিশ-সেনাবাহিনীর পর এবার নিহত মোস্তফা জামাল হায়দারের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। এনিয়ে মামলার সংখ্যা চার-এ দাঁড়ালো।
হায়দারের বাবা আব্দুর রফিক শনিবার দুপুরে হত্যামামলাটি করেন বলে রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে গত ২৩ অক্টোবর উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকা। র্যাব-পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক। হায়দার পরদিন হাসপাতালে মারা যান।
রফিকের এজাহারে বলঅ হয়েছে, ২৩ অক্টোবর দুপুরে টান মুশুরী ও আশপাশের এলাকায় বিক্ষোভ চলার সময় আকাশে হেলিকপ্টার উড়তে দেখে তার ছেলে সেখানে যায়। ওই সময় গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় হায়দার। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২৩ অক্টোবর রাতেই পুলিশ ও র্যাব অজ্ঞাত ৩/৪ হাজার লোককে আসামি করে দুটি মামলা করে। এরপর গত ২৮ অক্টোবর সেনাবাহিনীর ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার মো. আমিনুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে আরেকটি মামলা করে।
এদিকে সেদিনের পর থেকে নিখোঁজ সমসের মোল্লা, মাসুদ ও সাইদুর ইসলামের পক্ষে তাদের অভিভাবকরা তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫০ ঘ.
bdnews24