মৌলভীবাজার, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীমঙ্গল মহকুমা বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে চার ঘণ্টা অবরুদ্ধ করেছে কাঠ ব্যবসায়ীরা।
শুক্রবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা রেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) এ কে এম আজহারুল ইসলামকে তার কার্যালয় থেকে বেরুতে দেয়নি।
এক পর্যায়ে আজহারুল অসুস্থ হয়ে পড়লে বন বিভাগের কর্মচারীরা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসা দিয়ে পরে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
ওই সময় তার বাসার সামনেও অবস্থান নেয় ব্যবসায়ী ও মহালদাররা। শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পরে কাঠ ব্যবসায়ীরা চলে যান।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি বন কর্মকর্তা আজহারুল।
ব্যবসায়ীদের অভিযোগ, নিলামের গাছ বিক্রির নামে আজহারুল তাদের কাছ থেকে বিনা রশিদে ১১ লাখেরও বেশি টাকা নিয়ে আত্মসাত করেছেন।
মুসলিমবাগ এলাকার বাসিন্দা মহালদার আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেঞ্জ কর্মকর্তা বদলি হয়ে যাবেন শুনে টাকার জন্য এসেছি।"
তিনি অভিযোগ করেন, নিলামে গাছ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নেন। অথচ তাকে কোনো রশিদ দেওয়া হয়নি।
এছাড়া মহালদার জামাল হোসেন অভিযোগ করেন, ওই রেঞ্জ কর্মকর্তা তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। জালালীয়া সড়কের মহলাদার সাহেদ আহমদ দাবি করেন তিনি দিয়েছেন ৩৭ হাজার টাকা। ব্যবসায়ী মনির হোসেনের দাবি ১ লাখ ২০ হাজার টাকা , ছায়েদ মিয়া ২ লাখ টাকা, ও মোমিনুল হোসেন সোহেল দাবি করেন ২ লাখ ৭৩ হাজার টাকা।
কাঠ ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, রেঞ্জ কর্মকর্তা লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলের পর্যটন এলাকার প্রবেশ ফির ২০ হাজার টাকাও আত্মসাত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24