২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিস্ফোরণ, লিফলেট দিয়ে দায়িত্ব স্বীকার

রংপুর চিড়িয়াখানায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সাংবাদিকদের কাছে লিফলেট দিয়ে হামলার দায়িত্ব শিকার করেছে একটি গোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

রংপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর চিড়িয়াখানায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সাংবাদিকদের কাছে লিফলেট দিয়ে হামলার দায়িত্ব শিকার করেছে একটি গোষ্ঠী। শনিবার দুপুর পৌনে ১টার দিকে চিড়িয়াখানার ভেতরে ক্যান্টিনের কাছে হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এর ঘণ্টাখানেকের মধ্যে সাংবাদিকদের কাছে লিফলেট পাঠানো হয়। তাতে বলা হয়েছে, অনৈসলামিক কর্মকাণ্ডের প্রতিবাদে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে লিফলেটে কোনো সংগঠনের নাম নেই। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে চার থেকে পাঁচটি বোমার বিস্ফোরণে চিড়িয়াখানার দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিড়িয়াখানার কিউরেটর কার্যালয়ের প্রধান কেরানী আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন। দৈনিক প্রথম আলো পত্রিকার রংপুর অফিসের প্রধান আরিফুল হক রুজু জানান, দুপুরের পর তার কার্যালয়ের সামনে হলুদ খামে করে একটি কাগজ ফেলে যায় অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ততে বলা হয়, চিড়িয়াখানার ক্যান্টিনে অনৈসলামিক কর্মকাণ্ড হচ্ছিলো। তার প্রতিবাদ জানাতেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আরো কয়েকজন সাংবাদিকও একই লিফলেট পান। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের বলেন, পুলিশ গিয়ে 'অসামাজিক' কর্মকাণ্ড চালানোর জন্য ক্যান্টিন ব্যবস্থাপক লিটনকে আটক করেছে। ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কারা হামলা করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেননি ওসি। তিনি বলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে কথা বলার জন্য চিড়িয়াখানার কিউরেটর গোলাম রসুলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৭ ঘ.