ভোলা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও যুবলীগ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ওদিকে, সমাবেশের খবর সংগ্রহ করার সময় যুবলীগকর্মীদের হাতে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে শনিবার বিকাল ৩টায় বিএনপি কার্যালয়ের পাশে সমাবেশ ডেকেছিলো যুবলীগ। একই এলাকায় একই সময়ে দলীয় সমাবেশ ডাকে বিএনপি।
এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় উপজেলা সদরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
বোরহানউদ্দিন থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি শোনার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
বোরহানউদ্দিনের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি ও যুবলীগ একই স্থানে ও সময়ে সমাবেশ ডাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ট থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তেজনা কমলে তা প্রত্যাহার করে নেওয়া হবে।"
প্রথম আলোর জেলা প্রতিনিধি নিয়ামত উল্লাহ, এনটিভির আফজাল হোসেন ও দৈনিক খবরপত্রের বোরহানউদ্দিনের প্রতিনিধি শামসুদ্দিন রকেটকে যুবলীগকর্মীরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে।
নিয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের কাছে বেলা সাড়ে ১১টার দিকে যাই। তখন যুবলীগের কর্মীরা আমাদের ধাক্কা দিয়ে টানাহেঁচড়া করে ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে অবশ্য ক্যামেরা ফেরত দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24