২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

ফরিদপুর সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 06:19 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ফরিদপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, শনিবার ভোররাতে উপজেলার পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত গুলজার হোসেন (৩৮) শহরের ওয়্যারলেস পাড়ার প্রয়াত আকবর খাঁর ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তারা খবর পায় গুলজারসহ ৫-৬ জন সন্ত্রাসী টিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বাইপস সড়কে গোপন বৈঠক করছে। "এরপর ভোররাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা তিনটি মটর সাইকেলে তিনদিকে পালিয়ে যায়। র‌্যাব তখন তাদের ধাওয়া করে পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। "৪-৫ মিনিট গোলাগুলির পর অন্যরা পালিয়ে যায়। তখন গুলজারকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।" এরপর ময়না তদন্তের জন্য গুলজারের লাশ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত গুলজারের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। কোতয়ালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, ময়না তদন্ত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে গুলজারের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মটর সাইকেল এবং পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয় বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৪০০ ঘ.