ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে শুক্রবার আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করা আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন জনি (মার্কেটিং শেষ বর্ষ), নজরুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষ), সোহেল রানা (রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র শাহদত হোসেন লিটন, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র বাচ্চু মিয়া, বরিশাল বিএম কলেজের ছাত্র মো. শাহজাদা এবং মো. জামাল উদ্দিন (পরিচয় জানা যায়নি)।
সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউটের ২০১ নম্বর কক্ষ থেকে প্রথমে এ চক্রের হোতা আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় অপর সাত সহযোগীকে।
র্যাব-৩ এর লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম রাতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'খ' ইউনিটে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময় এরা তাদের সহযোগী আমিনুল ইসলামের ছবি এক পরীক্ষার্থীর ফরমে বসিয়ে দেন।
ওই ছাত্রের নামে আমিনুল ইসলাম প্রবেশপত্র নিয়ে শুক্রবার পরীক্ষার হলে ঢোকেন।
প্রশ্নপত্র হাতে পেয়ে আমিনুল বাইরে তার সাত সহযোগীর অন্যতম নজরুলকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে উত্তরগুলো পাঠিয়ে দেন।
নজরুল ওই উত্তরগুলো বাকি ছয়জনকে দেন।
এরপর তারা সাতজন মিলে মোবাইল ফোনে এসএমএস করে উত্তরগুলো পরীক্ষার হলে তাদের 'ক্লায়েন্ট' ৪০ পরীক্ষার্থীকে সরবরাহ করেন।
র্যাব কর্মকর্তা আরো বলেন, এ বছর এ চক্রের 'ক্লায়েন্ট' ছিল ৪০ জন পরীক্ষার্থী। প্রত্যেকের কাছ থেকে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নেয়। এই আটজন রাজধানীর পলাশীতে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন।
প্রেস ব্রিফিংয়ে আমিনুল স্বীকার করেছেন যে, এর আগে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাশাপাশি আসনে বসা পরীক্ষার্থীদের সাহায্য করে তিনি প্রায় ১৫ লাখ টাকা পেয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- ঢাবি প্রক্টর ড. সাইফুল ইসলাম খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ চক্রটি আগেও ভর্তি পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদের ৪০ ক্লায়েন্টের (পরীক্ষার্থী) মোবাইল ফোন ও রোল নম্বর সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"
এই চক্রের সহায়তায় অতীতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করছিল। র্যাব মোবইল ফোন ট্র্যাক করে তাদেরকে গ্রেপ্তার করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইএম/এইচএ/০১০২ ঘ.
bdnews24