চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাকে কারাগারে আনা হয়।
কারগারের সিনিয়র জেল সুপার আলতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাবরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ গ্রহণ করে। তাকে কারাগারের একটি কক্ষে আলাদাভাবে রাখা হয়েছে।
বাবরকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১ নভেম্বর হাজির করে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ১৩ অক্টোবর মহানগর হাকিম মাহাবুবুর রহমান এ মামলায় গ্রেপ্তার দেখানো বাবরের উপস্থিতিতে ১ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
ওইদিন শুনানির দিন ধার্য থাকলেও হাইকোর্টের দুই সপ্তাহের নিষেধাজ্ঞার কারণে বাবরকে সশরীরে চট্টগ্রামের আদালতে হাজির করা যায়নি।
গত ৩ অক্টোবর মহানগর হাকিম ফজলুল বারী সাবেক প্রতিমন্ত্রী বাবরকে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা অস্ত্র ও চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
একইদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বাবরকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডের আবেদন জানান।
এছাড়া বাবরের পক্ষের আইনজীবী ১০ ট্রাক অস্ত্র মামলায় জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয় বলে পুলিশ কর্মকর্তা নির্মল জানান।
২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
ওই সময় তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করে মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠে বাবরের বিরুদ্ধে। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
তাদের জবানবন্দিতেও বাবরের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24