নোয়াখালী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এ ব্যাপারে থানায় তিনটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার চর পার্বতী গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩৪ বোতল বিদেশি মদ এবং একটি একনলা বন্দুক।
অপরদিকে, বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুটি লাইটগান (এলজি) ও একটি একনলা বন্দুক।
কোম্পানিগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল আখন্দ সাংবাদিকদের জানান, বিকেল ৩টার দিকে পুলিশ চর পার্বতী গ্রামের মফিজ উল্লাহর বাড়ির দু'টি ঘরের মাটির মোটকা থেকে ৩৪ বোতল বিদেশি মদ এবং ঘরের সিলিং থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে।
ওসি জানান, মফিজ উল্লাহর ছেলে সোহাগ এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের খবর পেয়ে সোহাগ পালিয়ে যায়।
তবে পুলিশ তার বাবা মফিজ উল্লাহ ও বোন কুলসুমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা জানান, প্রায় একই সময় পুলিশের আরেকটি দল বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ আহমদ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি কবস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দু'টি এলজি ও একটি একনলা বন্দুক উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24