ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষ ও বৈমানিকদের পরস্পরবিরোধী অনড় অবস্থানে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ১৫টি ফ্লাইটের আটটি বাতিল করেছে।
মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির ফ্লাইটসূচিতে এলোমেলো অবস্থা চলছে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে বৃহস্পতিবার। চালক সংকটের কারণে বৃহস্পতিবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের ১৫টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে আটটি বাতিল করেছে বিমান। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক গন্তব্যের।
নির্ধারিত ফ্লাইটের অর্ধেকই বাতিলের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে শত শত যাত্রীর।
সময়সূচিতে পরিবর্তন এনে পেছানো হয়েছে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এছাড়া আরো দুটি আন্তর্জাতিক ফ্লাইট একসঙ্গে করে একটি ফ্লাইট চালানো হচ্ছে। বুধবার রাত ১টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ঢাকা ছেড়েছে বিমানের চারটি ফ্লাইট।
বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে হজফ্লাইটে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা খান মোশাররফ হোসেন।
কর্তৃপক্ষ ও বৈমানিকরা সমঝোতার বদলে নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন। সংকটের জন্য পারস্পরকে দোষারোপ করছেন তারা।
মঙ্গলবার দুপুরে বলাকা ভবনে সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, "বিমান চলবে তার নির্ধারিত নিয়মে। এ কাজে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টাকে শক্ত হাতে দমন করা হবে।"
"বৈমানিকদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব বিমানে পড়ছে," বলেও মন্তব্য করেন তিনি।
বৈমানিকদের সঙ্গে আলোচনায় বসবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।"
বৈমানিকরা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিমান কর্তৃপক্ষ। কাজে যোগ দিতে তাদের নোটিশও পাঠানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপের হুমকি দিলেও বৈমানিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।
বুধবার বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহতাব সাংবাদিকদের বলেন, "২০ অক্টোবরের পর থেকে বৈমানিকদের বিরুদ্ধে যেসব শাস্তিমূলক আদেশ দেওয়া হয়েছে তার সবগুলো নিঃশর্ত প্রত্যাহার না করলে আমরা কাজে যোগ দেবো না।"
তিনি বলেন, "শাস্তিমূলক আদেশ প্রত্যাহার করলে আমরা আলোচনায় বসবো।"
মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। বুধবার সন্ধ্যার মধ্যে ৫৩ জন বৈমানিক অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায়।
বাপা সদস্যের বাইরে বিমানের সাতজন চুক্তিভিত্তিক বৈমানিক রয়েছেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রায় ১০ জন পাইলট। এদেরকে দিয়ে সংকটকারীন পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে বিমানের কর্মকর্তারা জানিয়েছেন।
২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কাজ করছেন না বাপা সদস্যরা।
সংবাদ সম্মেলন করায় রোববার বাপা ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার বৈমানিককে কারণ দর্মানোর নোটিশ দেয় বিমান।
ফ্লাইটসূচি এলোমেলো
বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সাতটি রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ঢাকা-বাহরাইন-কুয়েত, ঢাকা-কলকাতা, ঢাকা-দিল্লী, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-আবুধাবী, ঢাকা-দুবাই, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম।
রুটের ঢাকা-সিলেট ফ্লাইট দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সাড়ে ৫টায় ছেড়েছে। ঢাকা-মাসকাট ফ্লাইট সকাল সাড়ে আটটার পরিবর্তে দুপুর আড়াইটায় ছেড়েছে। এছাড়া সকাল সাড়ে ৮টার ঢাকা-ব্যাংকক ফ্লাইট ছেড়েছে দুপুর ৩টায়।
এছাড়া বুধবার রাতের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইটের চালক না পাওয়ায় একই গন্তব্যের আরেকটি ফ্লাইটের সঙ্গে এক করে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় ছাড়ার সময় ঠিক হয়। কিন্তু এটি আরেক দফা পিছিয়ে শুক্রবার সকাল ৯টায় ঠিক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/পিডি/২০০৪ঘ.
bdnews24