ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে সরকারের উদ্যোগে শ্লথগতি দেখছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি বলেছেন, "আমরা ভেবেছিলাম ট্রাইব্যুনাল ১০০ কিলোমিটার গতিতে ছুটবে। কিন্তু এখন দেখছি, তা চলছেই না। একটি মাত্র ট্রাইব্যুনাল করা হয়েছে। কিন্তু তা হামাগুড়িও দিতে পারে না। মাঝে-মাঝে নড়াচড়া করে। তাহলে হাঁটতে পারবে কবে?"
মিজানুর বৃহস্পতিবার ঢাকায় এ আলোচনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধ বিচার ত্বরান্বিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারি উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পশ্চিমা দেশগুলোর পরামর্শেরও সমালোচনাও করেন তিনি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুদ্ধাপরাধের বিচার নিয়ে জাসদের আলোচনা অনুষ্ঠানে মিজানুর বলেন, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে সংগ্রাম, তা সার্বজনীন অধিকার হিসেবে স্বীকৃত। এই অধিকারের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। একাত্তরে সেই অপরাধের বাইরে আরো অপরাধ হয়েছে।
কয়েকজন মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, "ওনারা বলেন ১০/১২ জনের বিচার করবে। এতেই যুদ্ধাপরাধের প্রতীকী বিচার হবে। কিন্তু আমি বলতে চাই, এ অধিকার তাদের কে দিয়েছে? লাখ লাখ মানুষের হত্যা, ধর্ষণ করা হয়েছে, সেই বিচার হবে না? এখানে প্রতীকী বিচারের কোনো সুযোগ নেই। প্রকৃত বিচার হতে হবে।"
এ বছরের মাঝামাঝিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধাপরাধের অভিযোগে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর শীর্ষ দুজনসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে তদন্তও চলছে। তদন্ত চলছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও।
সালাউদ্দিন কাদেরের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, "সাকা চৌধুরী সাইরেন বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেন বরযাত্রী আসছে। তাকে নিয়ে মন্ত্রীরা নানা মন্তব্য করছেন। যদি প্রমাণ থাকে তাহলে তাকে এমন আস্কারা না দিয়ে গ্রেপ্তার করুন। ৩৯ বছর ধরে কী প্রমাণ আপনারা পেলেন?"
জামায়াত সমর্থক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রসঙ্গে মিজানুর বলেন, "এখন পত্র-পত্রিকায় দেখছি ছাত্রলীগের দুই গ্র"পে মারামারি, ছাত্রদলের দুই গ্র"পে মারামারি। কিন্তু ছাত্রলীগ-ছাত্র শিবির কিংবা ছাত্রদল-ছাত্র শিবির মারামারি হচ্ছে না।
"শিবির হাওয়ায় মিলিয়ে যায়নি। আমাদের মধ্যেই অনুপ্রবেশ করেছে? এটা যদি হয় তাহলে তা যথেষ্ট দুঃশ্চিন্তার বিষয়।"
যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সমালোচনা করে মিজানুর বলেন, "আপনারা বাংলাদেশে এসে আর্ন্তজাতিক মানদণ্ড মেনে চলার ছবক দেন। কিন্তু যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্ট কোন মানদণ্ড মেনে করা হয়েছে? ফ্রান্সে রোমা উপজাতিদের প্রতি কী করা হচ্ছে?"
"যুক্তরাজ্যে ব্রাজিলের একজন নিরীহ নাগরিককে যখন গুলি করে হত্যা করা হলো, তখন কোথায় ছিলো আপনাদের আর্ন্তজাতিক মানদণ্ড", প্রশ্ন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24