ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে বৃহস্পতিবার রাসায়নিকের একটি গুদামে বিষ্ফোরণে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে এই ঘটনার পর এলাকাবাসী রাসায়নিক পদার্থের গুদাম সরিয়ে নেওয়ার দাবিতে খন্ড খন্ড মিছিল করে।
বেলা সাড়ে ১১টার দিকে বংশালের ৪/১ গোবিন্দ দাস লেনের এ ঘটনা ঘটে।
ওই ভবনের নীচ তলায় রাসায়নিকের তিনটি গুদাম আছে বলে জানান এর একটির মালিক মো. আসাদ।
বাড়ির মালিক সুমন স্ত্রী এবং মাকে নিয়ে দোতালায় থাকেন। সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রয়োজনীয় কাজে তিনি সকালে বাসা থেকে বের হয়ে যান। স্ত্রী তাকে ফোনে জানায়, নীচ তলার গুদামের ভেতরে বিকট বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
এরপর তিনি তার মোবাইল ফোনে দমকল বাহিনীকে বিষয়টি জানিয়ে নিজে ছুটে আসেন।
তিনি জানান, তিনটি গুদামের মধ্যে আসাদের গুদামে রাখা রাসায়নিক পদার্থের বেশ কয়েকটি ড্রামে বিষ্ফোরণ ঘটে। এই বিষ্ফোরণের কারণে গোডাউন ছাড়াও আশপাশ এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। চারদিকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে।
এসময় পাশের গুদামের মালিক নজরুল এবং আব্দুল হান্নান এসে তাদের গুদাম থেকে ড্রাম সরানোর চেষ্টা চালায়।
এরপর দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দমকল বাহিনীর সহকারি পরিচালক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুদামে ড্রামগুলোতে কষ্টিক সোডা এবং হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে।
স্থানীয় বাসিন্দা হাসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিমতলীর মতো এখানেও ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই এলাকায় ৫০টির মতো রাসায়নিক গুদাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩৪৩ ঘ.
bdnews24