নরসিংদী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার এক গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরো ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালের এ সংঘর্ষে আহত হয়েছেন আরো কমপক্ষে ২৪ জন।
পুলিশ জানিয়েছে, উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন এবং বিএনপি সমর্থক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাছানের সমর্থকদের মধ্যে বাঘাই কান্দী গ্রামে বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত শাহাদাৎ হোসেন (২২) জাকির হোসেনের সমর্থক। পেশায় তাঁত শ্রমিক ছিলেন তিনি।
গুলিবিদ্ধ সোহেল (১৮), শহীদুল্লাহ (৪৫), বোরহানউদ্দিন (২০), শাহীন মোল্লা (১৮), শহীদ হোসেন (২৫) ও সাইদা বেগম (৪৫) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহীদুল ইসলাম (১০), শাহাদাৎ হোসেন (১৮), নুরুল হুদা (৫৫), জিল্লুর রহমান (১৬), মোবারক হোসেন (২০), ফয়সাল হোসেন (১৮), বাছেদ মিয়া (২২), আল-আমিন (২৭), ফয়সাল মিয়া (১৭), জব্বর মিয়া (৩০), সবুজ (২২), রহমত উল্লাহ (১৭), সজিব সরকার (১২) ও গোলাম মোস্তফা (৪৫) কে নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে রায়পুরা থানার ওসি আব্দুল বাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঘাই কান্দি গ্রামের হাছানের সমর্থক কেবল হোসেন নামে এক 'ডাকাতকে' ১৫ দিন আগে জাকির হোসেনের সমর্থকরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
তার জের ধরে বুধবার রাতে বিএনপির সমর্থকরা সোহেল (১৬) নামের অপর তাঁত শ্রমিককে কুপিয়ে আহত করে। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, "বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাছানের সমর্থকরা জাকির হোসেনের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাহাদাৎ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন মহিলাসহ প্রায় ৩০ জন।
"এ সময় হাছানের চাচা মাজেদুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
আধিপত্য বিস্তার নিয়ে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরেই হামলা এবং মামলা পল্টা-মামলার ঘটনা চলে আসছে বলেও জানান ওসি বাতেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫০৬ ঘ.
bdnews24