২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের জবানবন্দি দিলেন সেলিম

দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা-ছেলে-ভাগ্নেকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সেলিম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা-ছেলে-ভাগ্নেকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সেলিম আহমেদ। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকার বিচার বিভাগীয় হাকিম ওয়াসিম শেখের খাস কামরায় জবানবন্দি দেওয়ার পর সেলিমকে পুনরায় কারাগারে পাঠানো হয়। সোমবার কেরানীগঞ্জের মাদারীপুর এলাকায় সেলিমের মা শাহিদা বেগম (৪৫), ছেলে সালমান (৫) ও ভাগ্নে আহাদ (৫) এর লাশ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানায় সোমবার রাতে হত্যা মামলার করেন নিহত শাহিদার ভাই মামুন। মামলায় তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি। মঙ্গলবার সেলিমকে মাদারিপুরে গ্রেপ্তারের পর তিনি খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেন। পুলিশের বক্তব্য অনুযায়ী, সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়ায় মা শাহিদাকে খুন করে সেলিম। ওই সময় ভাগ্নে আহাদ ও তার ছেলে সালমান ঘুম ভেঙে তা দেখে কান্নাকাটি করলে তাদেরও খুন করেন তিনি। আদালতের পুলিশ পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা সাংবাদিকদের বলেন, জবানবন্দিতে দেওয়া সেলিমের বক্তব্য মামলার এজাহারের বক্তব্যের কাছাকাছি। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৮৩৫ ঘ.