২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে উপড়ে পড়েছে নির্মাণাধীন ভবন

রাজধানীর দক্ষিণখান এলাকার নর্দা পাড়ায় মঙ্গলবার রাতে একটি নির্মাণাধীন তিনতলা ভবন উপড়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান এলাকার নর্দা পাড়ায় মঙ্গলবার রাতে একটি নির্মাণাধীন তিনতলা ভবন উপড়ে পড়েছে। উত্তরা জোনের উপপুলিশ কমিশনার নেসারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে নর্দাপাড়ার পাগলা বাচ্চুর বাড়ির পাশে একটি নির্মানাধীন তিনতলা ভবন উপড়ে পাশের একটি ভবনে পড়ে। ভবনটির তিনতলার ওপর পানির ট্যাংকটি পাশের দোতলা বাড়ির ছাদে এবং সীমানা দেওয়ালে আটকে আছে। ভবনটিতে শুধু দরজা জানালা লাগানোর কাজ বাকি ছিল। ভবনটিতে কেউ না ওঠায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ কর্মকর্তা নেসারুল। তিনি জানান, একটি ডোবায় মাটি ভরাট করে ভবনটি গড়ে তোলা হয় বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয় লোকজন পুলিশ কর্মকর্তা নেসারুলকে জানান, ভবনটি আস্তে আস্তে হেলে পড়তে শুরু করে। প্রথমে বৈদ্যুতিক তারে কিছুক্ষণ আটকে থাকে। পরে তার ছিড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। এই ভবনের মালিক একজন পরিবহন ব্যবসায়ী। তাকে খোঁজা হচ্ছে বলে জানান উপপুলিশ কমিশনার । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩০১ঘ.