ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সাড়ে ৫৭ কোটি টাকার সরকারি-বেসরকারি পর্যায়ের ৩২টি প্রকল্প অনুমোদন করেছে এ সংক্রান্ত ট্রাস্টি বোর্ড।
মঙ্গলবার সন্ধ্যায় পরিবেশ প্রতিমন্ত্রী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ড সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বিকাল ৫টায় একনেক সভাকক্ষে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলার জন্য গঠিত ট্রাস্ট ফান্ডের ষষ্ঠ সভা হয়।
এ তহবিল থেকে প্রকল্প বরাদ্দ পেতে প্রায় চার হাজার বেসরকারি প্রতিষ্ঠান আবেদন করে বলে জানান হাছান মাহমুদ। সেগুলো থেকে তিন হাজার ছয়শ ২৩টিকে বাছাই করা হয়।
সেগুলো থেকে প্রাথমিকভাবে ২৮টি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রকল্প বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ট্রাস্টি বোর্ড।
সভা শেষে পরিবেশ প্রতিমন্ত্রী জানান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিট এবং টেকনিক্যাল কমিটির বাছাই করা চারটি সরকারি ও ২৮টি বেসরকারি সংস্থার প্রকল্প প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
কারিগরি কমিটির সুপারিশ করা সরকারি সংস্থার চারটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৪ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার তিনশ টাকা এবং বেসরকারি সংস্থার ২৮টি প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১২ কোটি ৫৪ লাখ টাকা।
হাছান মাহমুদ জানান, বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্পগুলো বাস্তবায়ন ও তদারকির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জলবায়ু বিষয়ে গবেষণার জন্যে পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি বোর্ড।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমাদ, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৩ঘ.
bdnews24