২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ছেলে ও ভাগ্নেকে হত্যার কথা স্বীকার

ঢাকার কেরানীগঞ্জে মা ছেলে ও ভাগ্নেকে হত্যার কথা গ্রেপ্তার সেলিম আহমেদ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 03:33 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে মা ছেলে ও ভাগ্নেকে হত্যার কথা গ্রেপ্তার সেলিম আহমেদ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন সেলিম। ওসি বলেন, "সেলিম একাই এই হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। হত্যার পর তিনি তার মায়ের সোনার দুইটি চেইন ও সোনার একটি টিকলি তাঁতি বাজারে ৬০ হাজার টাকায় বিক্রি ও ছয় হাজার টাকায় একজনের কাছে বন্ধক রাখেন বলে জানিয়েছেন।" সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেলিমের মা শাহিদা বেগম (৪৫) ও তার মেয়ে আশার ছেলে আহাদের (৫) মৃতদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা। ওই সময় আহত অবস্থায় উদ্ধার করা সেলিমের ছেলে সালমান (৫) মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। টাকার কারণে হত্যা মঙ্গলবার সকালে মাদারিপুর এলে সন্দেহজনক আচরণের কারণে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম জানান, মিরপুরে এক ব্যক্তির কাছ থেকে তিনি বেশ কিছুদিন আগে ১০ হাজার টাকা ধার নেন। ওই টাকা শোধে বারবার মা শাহিদাকে তাগাদা দিলেও তিনি টাকা পাননি। এছাড়া সেলিমের ব্যবসার জন্য মায়ের ঋণ নেওয়া ৫০ হাজার টাকা শোধ না করায় তাকে মা একাধিকবার গালমন্দ করে বলেও পুলিশকে জানান সেলিম। এসব কারণে মায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে সেলিম সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই হত্যার ঘটনা ঘটান বলে জানান ওসি। মায়ের বোরখা পরে বেরিয়ে যান সেলিম পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম জানান, সোমবার ভোরে বাড়ির ঘরের চালে তিনি লুকিয়ে ছিলেন। তার বাবা সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তিনি মুখে কাপড় বেঁধে আগে থেকে জোগাড় করে রাখা তার দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়েন। পরে সেই তার মায়ের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ওসি জানান, এক পর্যায়ে ধস্তাধস্তিতে সেলিম পড়ে যায়। পরে তিনি বাসার বটি দিয়ে মাকে হত্যার চেষ্টা করেন। এরপর মা শাহিদা বেগম মেঝেতে পড়ে গেলে সেলিম শাবল দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। এসময় ঘরের বিছানায় শোয়া তার পাঁচ বছর বয়সী ছেলে সালমান জেগে উঠলে সেলিম শাবল দিয়ে তাকে আঘাত করেন বলে জানায় পুলিশ। পরে সেলিমের বোনের পাঁচ বছর বয়সী ছেলে আহাদও জেগে উঠলে সেলিম তাকেও শাবল দিয়ে আঘাত করেন। সেলিম পুলিশকে জানান, এরপর তিনি লুঙ্গি পরে পরনের প্যান্টটি একটি পলিথিনে নিয়ে মায়ের বোরখা পরে বাসা থেকে বের হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১২৫ঘ.