২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী কাউন্সিলরদের সমানাধিকার দাবি, সভায় হট্টগোল

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের সমান অধিকারের দাবির তীব্র বিরোধিতা করেছেন পুরুষ কাউন্সিলররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের সমান অধিকারের দাবির তীব্র বিরোধিতা করেছেন পুরুষ কাউন্সিলররা। মঙ্গলবার সকাল ১০টায় সিসিসির চতুর্থ সাধারণ সভায় এ ঘটনা ঘটে। পুরুষ কাউন্সিলরদের বিরোধিতার প্রতিবাদে সভা থেকে ওয়াক আউটের ঘোষণা দেন নারী কাউন্সিলররা। পরে সিটি মেয়র মনজুর আলমের হস্তক্ষপে পরিস্থিতি শান্ত হয়। সভায় এক নারী কাউন্সিলর সমান অধিকার নিশ্চিতের প্রস্তাব উত্থাপনের সময় পুরুষ কাউন্সিলররা এর তীব্র বিরোধিতা করে বক্তব্য দেওয়া শুরু করলে সভাকক্ষে হট্টগোল শুরু হয়। সভায় নারী কাউন্সিলরদের সমান অধিকারের প্রস্তাব উত্থাপন করেন ৯ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর সৈয়দা রেহেনা কবির রানু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী কাউন্সিলরদের সমান অধিকারের দাবি উত্থাপনের সময় পুরুষ কাউন্সিলরদের কয়েকজন এর তীব্র বিরোধিতা করেন। এটা পুরুষতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ। তিনি জানান, সভায় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, হাজী নুরুল হক, নিয়াজ মোহাম্মদ খান ও আবদুল মালেকসহ কয়েকজন তাদের এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। এ প্রসঙ্গে রানু উল্লেখ করেন যে, ২০০৩ সালে চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের নারী কাউন্সিলরদের যৌথ আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ সম্পর্কে একটি নির্দেশনা দেয়। এতে নির্বাচিত নারী ও পুরুষ কাউন্সিলরদের মধ্যে কোনো ধরনের বৈষম্য না করার আদেশ দেওয়া হয়। সভায় উপস্থিত কাউন্সিলর জহর লাল হাজারী জানান, সমানাধিকারের বিষয়টি নিয়ে নারী ও পুরুষ কাউন্সিলরদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, নারী কাউন্সিলর রেহেনা কবির রানু সমানাধিকারের প্রস্তাব উত্থাপন করলে পুরুষ কাউন্সিলররা এর আইনি দিক বিবেচনার দাবি জানান। এসময় তাদের মধ্যে হালাকা কথা কাটাকাটি হয়। রানু বলেন, সিসিসি'র বিশেষ প্রকল্পের বরাদ্দ ও তদারকি, বিদ্যুৎ ও পরিচ্ছন্নতাসহ বেশ কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে নারী কাউন্সিলররা বঞ্চিত। আদালতের নির্দেশ বছরের পর বছর ধরে অমান্য করা আদালত অবমাননার শামিল। মেয়রের পিএস মোমিনুর রশিদ আমিন জানান, সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। মেয়র সিসিসি'র আইন কর্মকর্তাকে আইনি বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সভায় মেয়র মনজুর আলম বলেছেন, আগামী সাধারণ সভায় এ বিষয়ে বিস্তারিত অলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২০৩৫ ঘ.