২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ কমিটি বাতিল দাবি

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে 'দুর্নীতিবাজ' আখ্যা দিয়ে তারা উত্তর জেলা কমিটি পুনর্গঠনের দাবি জানান। সংবাদ সম্মেলনে নতুন ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব উপস্থিত ছিলেন। একই দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নগরী ও উত্তর জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তর জেলা আওয়ামী লীগ নেতাদের মতামতকে পাশ কাটিয়ে অর্থের বিনিময়ে অছাত্র, বিবাহিত ও সংগঠন করেনি এমন ব্যক্তিকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, আগামী সাতদিনের মধ্যে কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল করা না হলে সাধারণ সম্পাদক রোটনের পদত্যাগসহ চট্টগ্রাম মহানগরীসহ উত্তর জেলার প্রত্যন্ত অঞ্চলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, "বর্তমান সভাপতি মহিউদ্দিন খোকন অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি চাকরিজীবী ও বিবাহিত। এছাড়া ঘোষিত কমিটির অন্য সদস্যদের বিরুদ্ধেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।" সম্মেলনের তিন মাস পর সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটি ছয় সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। ১০১ সদস্যের কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিলো। চলতি বছরের ২৬ জুলাই উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। পরবর্তীতে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক নেতারা নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য অভিন্নভাবে চারজনের নাম কেন্দ্রীয় নেতাদের দেন। সোমবার ঘোষিত ওই কমিটিতে ওই চারজনের মধ্যে শুধু আবু তৈয়বকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে বঞ্চিত তিন সদস্য সৈয়দ আবদুল জব্বার সোহেল, দেলোয়ার হোসেন মিন্টু, বখতেয়ার সাইদ ইরান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/২০৩৫ঘ.