২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের মামলায় ৮ জনের জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জে ট্রেনে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার মামলায় বিএনপির আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 12:23 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে ট্রেনে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার মামলায় বিএনপির আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের হাজির করার পর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাকিম নীলা কর্মকার আবেদন নাকচ করে দেন। আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মন্নাফ এ তথ্য জানিয়েছেন। জামিন না পাওয়াদের মধ্যে আছেন- শাহজাদপুর উপজেলার গারোদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা আব্দুল জব্বার, দলের কর্মী মোজাম, সাহেব আলী, ওয়াদুদ, রুহুল আমিন, আল আমিন ও খোকন। গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে সাতজন মারা যান। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেন থামিয়ে চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেন ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আটটি মামলা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ এসব মামলায় কয়েক হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে। বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় সাত নেতা এর মধ্যে উচ্চ আদালত থেকে ছয় মাসের আগাম জামিন নিয়েছেন। সিরাজগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতের পুলিশ জানায়, সোমবার তিনজনকে জামিন দেওয়া হয়েছে। এরা হলো- স্কুলছাত্র রোকনুজ্জামান ও তুহিন এবং বাকপ্রতিবন্ধী সবুজ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.