নাটোর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসিফ হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শুনানি শেষে নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালত আসিফের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
আদালত সূত্র জানায়, মিজানুর হত্যা মামলার আসামি আসিফ হোসেনের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করা হয়। এ ব্যাপারে মুখ্য বিচারিক হাকিম মজিবুর রহমানের আদালতে আসিফের উপস্থিতিতে শুনানি হয়।
শুনানিকালে আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন নিযুক্ত আইনজীবী লোকমান হোসেন। তিনি আদালতকে জানান, আসামি আসিফ অসুস্থ। রিমান্ড আবেদন মঞ্জুর করা হলে আসামির প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি আসামির জামিনেরও আবেদন জানান।
সরকার পক্ষ থেকে কোর্ট ইন্সপেক্টর (সিআই) জাহাঙ্গীর আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম আদালতকে জানান, অভিযুক্তরা ছাত্রীদের উত্ত্যক্ত করেছিল। কলেজ শিক্ষক এর প্রতিবাদ করলে আসামিরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা না হলে তদন্ত অসম্পূর্ণ থাকবে।
উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার স্বাস্থ্য সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আদেশ দেয়। আদালত আসিফের জামিনের আবেদনও নামঞ্জুর করে।
এদিকে তদন্ত কর্মকর্তা আগে দায়ের করা 'হত্যা চেষ্টা' মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করার আবেদন জানিয়ে আদালতের কাছে দরখাস্ত দেন। মামলাটি এখন থেকে হত্যা মামলা হিসেবে পরিচালিত হবে।
তদন্তকারী কর্মকর্তা আব্দুর রহিম জানান, আদালতের নির্দেশমত মঙ্গলবার দুপুরে আসিফকে বাগাতিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে মামলার অপর আসামি রাজনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সোমবার রাতে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। তাকে পাওয়া যায়নি।
আব্দুর রহিম বলেন, "অভিযুক্ত রাজন তমালতলা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষের কাছ থেকে তার ছাত্রত্বের সনদ সংগ্রহ করে উচ্চ আদালতে জামিনের চেষ্টা চালাচ্ছে। আমরা ঢাকা থেকেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৩৮ ঘ.
bdnews24