২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত আইন: বাঘ হত্যায় ৫০ লাখ টাকা জরিমানা

বাঘ হত্যা করলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ১২ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন করে প্রণয়ন করা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:11 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘ হত্যা করলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ১২ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন করে প্রণয়ন করা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। এছাড়া হাতি, চিতাবাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি, ডলফিনসহ বন্যপ্রাণীর তালিকায় পাখি, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ তালিকাভূক্ত করে তা সংরক্ষণে বিধি-বিধান রাখা হয়েছে এ প্রস্তাবিত আইনে। বিপদাপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদকে সংরক্ষণে বেশ কিছু নতুন বিষয় অন্তর্ভূক্ত করে প্রস্তাবিত আইনটি করা হচ্ছে বলে জানান পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ইতোমধ্যে 'বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১০' এর খসড়াটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরেই তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সংসদের আগামী অধিবেশনে বিলটি উত্থাপন করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। মিহির কান্তি বলেন, "বন্যপ্রাণী শিকার বা হত্যার অপরাধে পর্যায়ভেদে সর্বনিু দুই বছর থেকে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে প্রস্তাবিত আইনে।" ১৯৭৪ সালে প্রণীত বিদ্যমান বন্যপ্রানী (সংরক্ষণ) (সংশোধন) আইনে শাস্তির বিধান রয়েছে সর্বনিম্ন পাঁচশ' টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা এবং ন্যুনতম ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অবহেলা, অজ্ঞতা ও আইন প্রয়োগের অভাবে অনেক প্রজাতির বন্যপ্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে এবং অধিকাংশ প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। সরকারের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সদস্য ও বেসরকারি সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্টের প্রধান নির্বাহী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক কনভেনশন ও প্রটোকলের সঙ্গে বিদ্যমান আইনটি সামঞ্জস্যপূর্ণ নয়। বিদ্যমান আইনে বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের শাস্তির পরিমান খুবই কম। সব বিবেচনায় নতুন করে দণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়। বিদ্যমান আইনেরও সঠিক প্রয়োগ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। প্রস্তাবিত দণ্ড: ইচ্ছাকৃতভাবে অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে বাঘ হত্যা করলে ৩০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা এবং ১২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হবে। হাতি হত্যা অথবা হাতির দাঁত বা এর অংশ বিশেষ (ট্রফি) বহন করলে ৭ বছর থেকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে। এছাড়া বিপদাপন্ন চিতাবাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি ও ডলফিন হত্যা অথবা ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি পরিবহন করলে ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড এবং ৭ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। বিষ টোপ দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিযায়ী পাখি বা বন্যপ্রাণী হত্যা করলে সে ক্ষেত্রেও একই কারাদণ্ডের পাশপাশি ৩ লাখ থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া কোনো বন্যপ্রাণী শিকার কিংবা আইন লঙ্ঘন করলে সর্বনিু ৫০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবং ৪ বছর থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বন্যপ্রাণী মারা গেলে তা সরকারি সম্পত্তি হিসেবে পরিগণিত হবে। আবদ্ধ বা কোনো বন্যপ্রাণীর অংশ, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, মাংস, হাতির দাঁত বা এর প্রস্তুতকৃত দ্রব্য, কোনো নির্ধারিত প্রজাতির উদ্ভিদ, কোনো ফাঁদ, যন্ত্র, জলযান বা অস্ত্র যা দিয়ে অপরাধ করা হবে, তা সরকার বাজেয়াপ্ত করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স বা পারমিট বাতিল করতে পারবে। ভ্রাম্যমান আদালত: প্রস্তাবিত আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার কাজ পরিচালনার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত বন কর্মকর্তা (সহকারি বন সংরক্ষকের উপরে) অন্যূন ৫০ হাজার টাকা জরিমানা করতে পারবেন। অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রস্তাবিত আইনে বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতির পাশাপাশি অর্কিডসহ ৬৮ ধরনের উদ্ভিদও অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে কৃষি ফসলের জন্য ক্ষতিকারক বন্যপ্রাণী ইঁদুর ও কাককে ভারমিন হিসেবে ঘোষণা করা হয়েছে যাদের মারার বিধান রাখা হয়েছে। বিপন্ন ও বিপদাপন্ন বন্যপ্রাণী এবং গাছ-গাছড়ার হালনাগাদ তালিকাসহ ৩টি তফসিল প্রস্তাব করা হয়েছে। তফসিলে বিপদাপন্ন অমেরুদন্ডী প্রাণীর নাম সংযোজন হয়েছে। বিদ্যমান আইনে তা নেই। প্রস্তাবিত আইনে ১০টি অধ্যায়ে ৮১ টি অনুচ্ছেদ আছে। যুগোপযোগী উদ্যোগ: আন্তর্জাতিক বিধি-বিধানে অনেক বন্যপ্রাণী ও উদ্ভিদ ধরা, মারা ও আমদানি- রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বন অধিদপ্তরের বন সংরক্ষক (প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কমুার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক বিধি-বিধানের সঙ্গে সমন্বয় রেখে আইনটিকে সংশোধন ও যুগোপযোগী করার জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক বন্যপ্রাণী ও উদ্ভিদ আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রদত্ত সুযোগ-সুবিধার কথা বিবেচনায় রেখে প্রস্তাবিত আইনের খসড়া প্রস্তুত করা হয়। বন্যপ্রাণী শিকার, হত্যা নিষিদ্ধ হলেও আইনের শর্ত পুরণ করে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের অনুমতি সাপেক্ষে বৈধ অনুমোদনপত্র কিছু শর্ত শিথিল রয়েছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭৩ সনের ২৭শে মার্চ রাষ্ট্রপতির এক আদেশে সর্বপ্রথম বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) অধ্যাদেশ জারি করা হয়। একই বছরের ১৭ই জুলাই এ আদেশ প্রথমবার সংশোধন করে আইন প্রণীত হয়। ১৯৭৪ সালে আইনের দ্বিতীয় সংশোধন করার পর দেশে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম গতিশীল হয়। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রস্তাবিত আইন ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের এই শিক্ষক অধ্যাপক বলেন, "তিনযুগ পরে হলেও পরিপূর্ণ একটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাবো বলে আশা করছি। সফলতা পেতে সরকারের আন্তরিক মনোভাবের পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগ ও ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। এক্ষেত্রে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/০৯৫৪ ঘ.